আমার মায়ের মৃত্যু হয়েছিল গায়ের কালো রঙের জন্য। গলায় দড়ি বেঁধে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায়। কালো রঙ কখনো কারো জান দিতে পারে? পারে। মেয়ে মানুষ কতটা ভালোবাসা পাবে, কতটা গুরুত্ব পাবে, কতটা সুখে থাকবে—তা অধিকাংশ সময়ই নির্ভর করে তার গায়ের রঙের ওপর। এই সত্যটা বুঝতে শিখলাম সেদিন, যেদিন মায়ের ঝুলন্ত লাশ ফ্যানের সাথে বাঁধা অবস্থায় পেলাম।
আমার বাবা তাকে ভালোবাসেননি কখনো। দাদির দাবিতে তাদের বিয়েটা হয়েছিল। তারপর আমার জন্মটাও ছিল বৈবাহিক নিয়মের অংশ মাত্র। বাবা আমাকেও ভালোবাসেনি কোনোদিন। আমিও মায়ের রঙ পেয়েছি। মায়ের মৃত্যুর মাস কাটতে না কাটতেই বাবা তার পছন্দের নারীকে ঘরে তুলে আনলেন।
আর আমি?
আমি তো জন্ম থেকেই দূর্ভাগ্য নিয়ে এসেছি এই দুনিয়াতে। এই রংটা বাদে, আমার কোনোদিকেই খামতি ছিল না। পড়াশোনায় আগ্রহী ছিলাম, বায়না করতাম না, জেদ ধরতাম না, তর্ক করতাম না, এমন কি কারো সাথে ঝামেলায়ও জড়াতাম না। তবু আমি কখনো বাবার মন পাইনি।
পরীক্ষার আগে যখন রাত জেগে আমি পড়াশোনা করতাম, বাবার দ্বিতীয় স্ত্রী তাকে বললেন,
‘রূদবাহ্ রাতে ফিসফিস করে কার সাথে যেন কথা বলে! বিষয়টা সন্দেহজনক।’
বাবা বিশ্বাস করে নিলেন। আমার কাছে ব্যাখ্যা চাইলেন না এর। আমাকে নিজের পক্ষে যুক্তি দেওয়ার একটা সুযোগও দিলেন না। কেবল সতর্ক করে গেলেন একটা বাক্যে,
‘পড়াশোনা করতে চেয়েছো, কেবল সেটুকুর জন্যই তুমি অ্যালাউড।’
আমি রাতে পড়া বন্ধ করে দিলাম। আমার রাত কাটতে লাগল সিলিংয়ের দিকে তাকিয়ে ওভারথিংক করে করে। কখনো বা সেখানে দেখতে পেতাম আমার মৃত মায়ের শেষ দশা। ওই তো, ওখানেই তো ঝুলেছিল! লাল টকটকে বেনারসি পরে, হাত ভর্তি কাঁচের চুড়ি পরে, চোখে কাজল নিয়ে! ওইভাবেই তো মা নিজেকে শেষ করেছিল!
স্কুল-কোচিং শেষে সন্ধ্যায় যখন বাসায় ফেরাটা আমার নিত্যনৈমিত্তিক ঘটনার অন্তর্ভুক্ত ছিল সবসময়ই। তবু একদিন আচমকা আন্টি বাবাকে বলে বসেন,
‘ওকে রাস্তায় দেখেছি এক ছেলের সাথে হাঁটতে। আমার মোটেও মন মানছে না। অন্য কেউ দেখে ফেললে তোমার সম্মানটা কোথায় থাকত, ভেবেছো?’
বাবা এবারও আমার কাছে কোনো কৈফিয়ত চাইলেন না। বিশ্বাস করে নিলেন। আমার কোচিং বন্ধ হয়ে গেল।
পরীক্ষার আগ দিয়ে কোচিংয়ের অনলাইন ক্লাসে জয়েন হলাম, আন্টি বাবাকে বললেন, ‘রূদবাহ্ বই খুলে, ওতে ফোন রেখে টেপে। যাতে কেউ বুঝতে না পারে। কী শেয়ানা মেয়ে...দেখেছো! কত টাকা খরচ করছি আমরা ওর পড়াশোনার পিছে। আর ও? কৃতজ্ঞতাবোধটুকু নেই। সব পয়সা জলে যাচ্ছে।’
বাবা কিছু না বলে আমার ফোন নিয়ে গেলেন। এভাবে এভাবেই আমার জীবন চলতে লাগল। আর একটা অদ্ভুত ইচ্ছে একটু একটু করে বুকের ভেতরে বাড়তে লাগল। ইচ্ছেটা উড়াল দেওয়ার।
এই পৃথিবীর প্রতি আমার অভিযোগ নেই। ওই নারীর প্রতিও কোনো অভিযোগ রাখিনি। আছে কেবল দুইজনের প্রতি।
প্রথমত আমার মা, যে এই পৃথিবীতে আমাকে একা ফেলে চলে গেল।
দ্বিতীয়ত আমার বাবা, যে জীবিত অবস্থায় থাকা সত্ত্বেও আমি একাকী বিষণ্ণতায় মূর্ছা গেলাম।
আর রইল এই গায়ের রঙ? নাহ! এর প্রতিও আমার অভিযোগ নেই। রঙ কখনও কারো নিয়তকে বিশ্লেষণ করতে পারে না। রঙ কখনও উড়তে বাঁধা দেয় না। বাঁধা দেয় তো নিজের মানুষেরাই।
উচ্চশিক্ষার জন্য মিলানের একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম যেদিন, ভেবেছিলাম এই শেকল ভাঙতে যাচ্ছে। আমার সিলেকশন, ভিসা.. সব হয়ে গেল। ভেবেছিলাম, আর কেউ কখনো আমাকে আটকাতে পারবে না। কেউ কখনো আমার নামে মিথ্যে অপবাদ দিতে পারবে না। আর কখনো দোষ না করেও শাস্তি পেতে হবে না। একটু নিজেকে প্রাণ খুলে ভালোবাসতে পারব। নিজের হৃদয়কে সন্তুষ্ট রাখতে পারব।
অথচ তারা, যারা আমার অভিভাবকত্বে রয়েছে—তারা আমার ব্যাপারে উদাসীন। একজন, যিনি সম্পর্কে আমার মা লাগেন, অথচ রক্তের কোনো সম্পর্ক নেই। তিনি বলে বসলেন, ‘রূদবাহ্ নষ্ট হয়ে গেছে। ছেলে-পেলেদের সাথে নষ্টামি করে বেড়াচ্ছে। সেদিন এক ছেলে তো বাড়ি অবধি এসে পড়েছিল। বলল, ও নাকি ডেকেছে। কী সাহস রে বাবা! সময় থাকতে বলছি, মেয়েকে বিয়ে দিয়ে দেই। বয়সও হয়েছে অনেক। তার ওপর গায়ের যে রঙ! বুড়ি হয়ে গেলে কে নেবে? এত পড়িয়ে লাভ নেই। শুধু শুধু তোমার সম্মানটা যাবে।’
আমার সামনেই কথাগুলো বলা হয়েছিল। এই দফায় আমি নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। অস্বীকার করে যাচ্ছিলাম সমস্ত মিথ্যে অপবাদগুলো। বোঝাতে চাইছিলাম।
আর সেই ব্যক্তি, যিনি সম্পর্কে আমার বাবা লাগেন, তিনি আমাকে বিশ্বাস করেননি। পাঠিয়ে দিলেন গ্রামে। মামার বাড়িতে।
আন্টির ষড়যন্ত্রে ওই বাড়ি থেকেই আমার বিয়ের আয়োজন করা হলো। পাত্র ছিল আমার চেয়ে একুশ বছরের বড়ো। আমার বাবার বয়সী। দেখতে-শুনতে কোনোদিক থেকেই এলাকায় তার সুনাম ছিল না। অতিরিক্ত স্বাস্থ্য, জুয়ার আসরে নিয়মিত যাতায়াত, নেশায় আসক্তি...সবই ছিল। না থাকার মধ্যে ছিল চরিত্রটা। আমি যার বউ হতে যাচ্ছিলাম, তার বাড়িতে আমি বাদেও আরও দুইটা বউ ছিল। ছেলে সন্তানের আশায় এটা তার তৃতীয় বিয়ে।
আমি থমকে গেলাম। স্তব্ধ চোখে বাবার দিকে তাকিয়ে রইলাম। সে কীভাবে পারল? ভালো না বাসুক, মায়া না থাকুক... অন্তত করুণাটাই করত?
আমি বিয়ের আসর থেকে পালালাম। চলে এলাম এ দেশে। আসার পথে বাবার থেকে পেলাম কেবল একটা ম্যাসেজ।
‘আমি মৌখিক ও লিখিত—উভয়ভাবে তোমাকে ত্যাজ্য করতে যাচ্ছি। তোমার কোনো কাজের দায় আমি বহন করব না। আর কখনো আমার সামনে আসবে না। খোদা হাফেজ।’
এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সিতে বসে আমি সেই ম্যাসেজটা দেখেও হাসলাম। জীবন আমাকে মুক্তি দিয়েছে। আর কী চাই? আর কী বাকি আছে চাওয়ার?
এ দেশে এসে, জীবন থেকে পাওয়া আমার প্রথম প্রাপ্তিটা ছিল স্বাধীনতা। যেটা আমার উনিশ বছরের জীবনে আমি আগে কখনো পাইনি। আর দ্বিতীয় প্রাপ্তি ছিল দুইজন বন্ধু। এতগুলো বছরে ইউনিভার্সিটিতে কেবল একটা মেয়ের সাথে বন্ধুত্ব করার অনুমতি আমার ছিল। মেয়েটার নাম মৌরি। বাবার বন্ধুর মেয়ে। খুব ছটফটে, দূরন্ত। যেখানে যায়, অঘটন ঘটন পটিয়সী হিসেবে নিজের নাম লিখে ফেলে। যা করে, তাই দূর্ঘটনার খাতায় নাম লিখিয়ে ফেলে। বড়ো অদ্ভুত মেয়েটার সাথে সবরকমের চারিত্রিক, মানসিক ও অবস্থানগত বৈপরীত্য থাকা সত্তেও বন্ধুত্বটা হয়ে গেল। কীভাবে হয়েছিল, জানি না। হয়তো বাবা অ্যালাউ করেছিল বলেই!
এখানে এসে আমার আরও দুইজন বন্ধু হয়েছে। একজনের নাম আলেসিয়া, অন্যজন লরেঞ্জো।
আর প্রয়োজন ছিল একটা পার্টটাইম জব! সেটাও পেয়ে গেছি। তবে ক্লাবে, ওয়েট্রেস হিসেবে৷
প্রথম প্রথম মানা করতে গিয়েও পারিনি। কারণ ওইযে! প্রয়োজন ছিল। স্বস্তির ওপরে প্রয়োজনেরা সবসময় স্থান দখল করেই থাকে। কিন্তু আমার ফার্স্ট শিফটেই আমি মুখোমুখি হই ধ্বংসযজ্ঞের।
অ্যাডাম রোমানো। ইতালিয়ান গ্যাংস্টার। নির্দয়, নিষ্ঠুর ও বেপরোয়া এক রাজপুত্র। মিলানে পা ফেলা প্রথম সন্ধাতেই তার সাথে আমার এক সংঘর্ষ হয়। সপ্তাহান্তে দ্বিতীয় ধাক্কা। আর ক্লাবে তৃতীয়দিন।
আমি নারী, পুরুষের চোখ দেখে নিয়ত ধরে ফেলি। কিন্তু সেই ধূসর চোখ দুটো ছিল অদ্ভুত, দ্বিধান্বিত। ওই চোখে আমি আসক্তি দেখেছি। আমাকে পাওয়ার তীব্র বাসনা আর আমাকে নিজের করে নেওয়ার এক অদম্য জেদ দেখেছি।
সেই প্রসঙ্গ আলাদা যে—আমি তার লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিলাম নাকি শুধুই কোনো টার্গেট। তবে যেই বিষয়টা আমাকে জ্বালাতন করছে তা হলো আমি ফেঁসে গেছি। খাঁচা থেকে বের হয়ে সোনার পিঞ্জরায় আবদ্ধ হয়ে পড়েছি।
এই মুহূর্তে আমি অ্যাডাম রোমানোর বাড়িতে অবস্থান করছি। আর দেয়ালে ঝুলছে তিনটা ফোটোফ্রেম। মাঝের ছবিটি এক কাপলের, বাঁ পাশেরটা অ্যাডামের, আর ডান পাশেরটা!
আমার ফ্রেন্ড! মিথিলা মৌরি! ভিনদেশী এই রাজপুত্রের সাথে আমার ফ্রেন্ডের কীসের সম্পর্ক? অ্যাডামের সাথে আমার পরিচয় কি পুরোটাই কাকতালীয় ছিল?
নাকি সে আমাকে আগে থেকে চিনত? আমার সাথেই বা তার কীসের সম্পর্ক? সে কোন সুতো চোখের আড়ালে পড়ে আছে, যা আমাদের সবাইকে একসাথে বাঁধছে?
- রূদবাহ্
মিলান, ইতালি
—————
যখন মৌরির জ্বর নামল, তখন দুইরাত পাড় হয়ে এসেছে। আধবোজা চোখে সে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। চোখের ক্যানভাসে ভাসতে লাগল মুহূর্তগুলো। কাটিয়ে আসা দুটো দিনও।
জ্বরাক্রান্ত প্রতিটা মুহূর্ত তার মনে আছে। যদিও অস্পষ্ট, তবুও! প্রতিটা দৃশ্যপট সুগঠিত। সেদিন ওই বাড়িতে কী হয়েছিল, কীভাবে মৌরিকে তালুকদার ভিলা থেকে এখানে নিয়ে আসা হয়েছিল—মৌরি জানে না। যতটা মনে পড়ে, তা সেই হাত দুটো! যা তাকে পাজাকোলে করে তুলে নিয়েছিল গাড়িতে। সে দুঃখী বাবুইপাখির ছানার মতো বুকে মিশে গিয়েছিল। সে পাগলামি করছিল, তবু সে শান্ত ছিল। আর তার চোখে ছিল অশ্রু।
সে জানে, তার জীবনটা বড্ড ছন্নছাড়া হয়ে এসেছে। যা হওয়ার কথা ছিল, তা হয়নি। আর যা হওয়ার কথা ছিল না, তা হয়ে গেল অদ্ভুতভাবে। কেন প্রকৃতি এই আজিব কিসিমের খেলা খেলতে সদা তৎপরতা দেখায়! কেন একটু স্বাভাবিক জীবন পাওয়া যায় না?
মৌরির উদ্দেশ্য ছিল হিশামের খোঁজ করা। সেই এক পথে হাঁটতে গিয়ে পেল অগণিত প্রশ্ন। হিশামের সাথে তার বিয়ে হয়নি! কার সাথে বিয়ে হয়েছে, সে জানে না। বিয়ের কোনো স্মৃতি তার মনে নেই। তার সম্মুখে জলজ্যান্ত নওশাদ আজমীর দাঁড়ানো অথচ জঙ্গল ও পাহাড়ের সন্ধিক্ষণের কবরফলকে স্পষ্টভাবে 'নওশাদ আজমীর' লেখা। অদ্ভুত ব্যাপার এটাও যে, তার বিয়ের তারিখটাই নওশাদ আজমীরের মৃত্যুর তারিখ। অনুমানে সে ধরে নিল নওশাদ তার মৃত হাজব্যান্ড, আর জীবিত ছদ্মবেশী হিশাম। এই অনুমানও দ্বিধায় ভুগতে শুরু করে তখন, যখন এই দুই ব্যক্তির মধ্যবর্তী কোনো সংযোগ ঠাহর করা যায় না।
মৌরির চোখ দুটোয় অশ্রু জমা হতে লাগল। এতগুলো বছর ধরে যাদের বাবা-মা মেনে এসেছে, তারা তার বাবা-মা না। তারা জঘন্য দুই পশু। লোভী আর হিংস্র। আচ্ছা, দু'দিন একটা বিড়াল পুষলেও তো মায়া লেগে যায়! মৌরিকে কেন তারা এভাবে ব্যবহার করল?
সে বড়ো করে শ্বাস টান দিলো। তাকাল আশেপাশে। তখন গভীর রাত। এই দুইদিন তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত দেখাশোনা ওই লোকটা নিজেই করেছে—যাকে নওশাদ ডাকবে না-কি হিশাম, মৌরি বুঝতে পারে না। কী ডাকবে এখন? এটুকু নিশ্চিত, সে নওশাদ নয়। হিশামও আক্ষরিকভাবে প্রমাণিত হয়নি। তবে?
মৌরি ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল। রুমে মৃদু আলো জ্বলছে৷ সে ড্রেসিং মিররের সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাসে মুখটার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। তার সৌন্দর্য ফিঁকে হয়ে এসেছে। নওশাদ সোফার ওপর ঘুমিয়ে আছে। বিগত দুইদিনে যখনই চোখ খুলে তাকিয়েছে মৌরি, তখনই তাকে জাগ্রত পেয়েছিল। এটুকু ক্লান্ত তো হবারই কথা ছিল।
নওশাদ কাত হয়ে শুলো। মৌরি ওয়াশরুমের দিকে এগোল। তার ঘর্মাক্ত গা থেকে ভেসে আসছে জ্বরের স্মেল। সে জানে, নওশাদ এই স্মেলে কখনো মুখ ফিরিয়ে নেবে না। তবুও।
সে শাওয়ার নিয়ে বের হয়ে নরম পায়ে সোফায় ঘুমন্ত নওশাদের মুখোমুখি হলো। তার ঘুমের গভীরতা কতটা ছিল, তা টের পেতে মৌরির কষ্ট করতে হলো না একটুও।
তারপর সেই ছোট্ট দুইসিটের সোফায় লম্বালম্বিভাবে শুয়ে থাকা নওশাদেরের পাশের যেই অল্পস্বল্প জায়গা অবশিষ্ট ছিল, তা খুব শীঘ্রই মৌরির নামে বরাদ্দ হলো। অতি সন্তর্পণে মৌরি সোফাতে, নওশাদের হাতে মাথা রেখে, তার বুকে পিঠ ঠেকিয়ে শুলো।
কিঞ্চিৎ নড়েচড়ে উঠল নওশাদ। মৌরি স্থির হয়ে শুয়ে রইল। চুপচাপ, অনড়, শান্ত। মুহূর্তের ব্যবধানে তার আধভেজা চুলে মুখ গুঁজে নিল লোকটা। অন্যহাতটি দিয়ে তাকে আলতোভাবে জড়িয়ে নিল। গায়ের সাথে গা মেশালো, চুলের ভাঁজে মুখ ডোবালো, হাতের সাহায্যে জড়িয়ে নিল আর হৃৎস্পন্দন!
অকস্মাৎ বেড়ে ওঠা দুটি হৃদয়ের সেই স্পন্দনগুলো একটা অন্যটার সাথে ঐশ্বরিক প্যাটার্নে স্পন্দিত হতে লাগল। মৌরির গাল গরম হয়ে উঠল। জ্বর আবারও আসবে আসবে করতে লাগল। মৌরি হৃদয়ের এই ঝড়ুয়া তাণ্ডবকে শান্ত করতে পারল না। সে চোখ বন্ধ করে নিল খিঁচে। শ্বাস ভারি হতে লাগল তার।
সময় লাগল তাদের স্বাভাবিক হতে। মৌরি ঘুমাতে পারল না। এমন কি ঘুমাতে চেষ্টাও করল না।
নওশাদ জেগে গিয়েছিল। পুনরায় ঘুমানোর ইচ্ছে পোষণ করল না। তবে চুপ রইল। দুইজনই।
নিস্তব্ধ রাত্রির প্রথম নীরবতা ভাঙল মৌরি। তার শব্দ ধীর, শান্ত, সুশৃঙ্খল। তার কণ্ঠ নরম, ফিসফিসানো, স্পষ্ট।
-“আমি ক্লান্ত, আজমীর। খুব ক্লান্ত। যখন একের পর এক রহস্য উন্মোচনে ছুটে বেড়াচ্ছিলাম না, তখন আমি ভালো ছিলাম। যখন জানতাম না আমার প্যারেন্টস মৃত, তখন ভালো ছিলাম। যখন আপনাকে শুধু অসভ্য, ইতর ও দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ হিসেবেই জানতাম, তখনই ভালো ছিলাম। আমি মন্দ থাকা শুরু করেছি সেদিন থেকে, যেদিন আমার চোখের সামনে থেকে পর্দা সরতে শুরু করল। যেদিন এই আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। আমার মস্তিষ্ক এলোমেলো হয়ে আসে, আজমীর। চোখ জ্বালাতন করে। আপনাকে কি একবারও বলেছি, আমি মিস্ট্রি সলভ করতে পারদর্শী? বলিনি তো৷ আমি পারি না। হাঁপাতে শুরু করি। বুকের ভেতরটা কাঁপতে থাকে। প্রতিনিয়ত ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছি খুব। একটু শান্তি চাই। একটু একস্থানে জিরোতে চাই। একটু! আজমীর, শুনছেন?”
মৌরির কণ্ঠ ধীরে ধীরে ভেঙে এলো। সে ডাকল বড়ো অসহায়ত্বে, বায়না মিশানো কণ্ঠে। নওশাদ বড়ো করে শ্বাস নিয়ে তার চুলের ঘ্রাণ শুকল। ছোট্ট করে বলল,
-“শুনছি।”
মৌরি চোখের অশ্রু গড়াতে দিলো। ভেজা স্বরে বলল,
-“আপনি হিশাম, তাই না?”
পিনপতন নিস্তব্ধতা। দেয়াল ঘড়ির কাটার টিকটিক শব্দ। সেই সাথে বাতাসে ভেসে বেড়াচ্ছে শ্বাস-প্রশ্বাসের শোঁ শোঁ আওয়াজ।
তারপর প্রকৃতির বুকে এক বিস্ফোরণ ঘটল, ক্ষণকাল অবিলম্বে নওশাদ এক ঝটকায় মৌরিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। ছোট্ট সেই সোফাটিতে মুখোমুখি শুয়ে তারা। মৌরির মাথাটা নওশাদের ফেলে রাখা হাতের ওপর। তার চাহনি স্থির, চোখ লাল, কোটর অশ্রুসিক্ত। সে আলগা করে রাখা ঠোঁটে শ্বাস নিচ্ছে।
নওশাদ বৃদ্ধাঙ্গুলের সাহায্যে মৌরির চোখের অশ্রু মুছে নিল। মৌরি আবারও জিজ্ঞেস করল,
-“হিশাম আশহাদ্?”
অপর প্রান্তের কালো চোখের ব্যক্তিটি নরম, শান্ত আর আদুরে স্বরে সেই স্বীকারোক্তিটা করল, যার অপেক্ষায় মৌরি নিজের এগারোটা বছর কাটিয়ে দিয়েছে।
-“হ্যাঁ।”
মৌরির চোখ দুটোর অশ্রু বাঁধ ভাঙা হয়ে গড়িয়ে পড়তে চাইল। সে বন্ধ করে নিল চোখ। সম্মুখের ব্যক্তিটি খুব ধীরতায় তার চোখের পাতায় চুমু খেলো। সময় নিয়ে, আলতোভাবে, পৃথিবীর সমস্ত যত্ন দিয়ে। তারপর যখন একটু পিছে চলে এলো, মৌরি চোখ খুলে তাকাল। গভীর ও আকুল চাহনি তার। কণ্ঠ ভেঙে পড়ল স্বস্তি, শান্তি আর বহুদিনের তৃষ্ণার্ত কাকের জল খুঁজে পাওয়ার আনন্দে। তবু কিছু প্রশ্ন আছে, যেগুলো প্রস্তর-দেয়ালের ন্যায় সম্মুখে দাঁড়িয়ে থাকে। মৌরি সেই দেয়াল ভাঙতে চাইল,
-“আর আমার বিয়েটা? কেন আপনার সাথে হয়নি? কার সাথে হয়েছিল?”
তার শিকারীর ন্যায় জ্বলজ্বলে চোখ দুটো তখন দূর্বোধ্য, স্থির। মুহূর্তের ব্যবধানে রুক্ষসূক্ষ্ম ঠোঁট দুটো নরম ঠোঁট দুটোকে আঁকড়ে ধরল। বড়ো উদ্যমী সেই চুমু। বড়ো দুঃসাহসী সেই আকাঙ্খা। হৃদয় তোলপাড় করে দেওয়া ঘূর্ণিঝড় আর প্রশ্রয় মাখানো আদরে মৌরি গলে গলে পড়তে লাগল। একহাত উঠে এলো লোকটার ঘাড়ে, চুলের শেষাংশটায়। তার চোখ বেয়ে গড়াতে লাগল অশ্রু। সে চুমুতে দুঃখ ছিল, আশ্লেষ ছিল, অপেক্ষা ছিল, প্রাপ্তি ছিল, এলোমেলো হাতড়াতে থাকা স্বস্তি ছিল। সেই চুমুতে একটা উত্তর ছিল।
তারপর যখন পৃথিবীর বুকে হঠাৎ আগত ঘূর্ণিঝড় কিছুটা শান্ত হলো। প্রকৃতির বুকে ভেঙে পড়া বৃষ্টিগুলো একটু একটু করে কমতে থাকল। হিশাম আশহাদ্ তার প্রিয়তমার ঠোঁটের ভাঁজে ঠোঁট ছুঁইয়ে বড়ো আদুরে স্বরে বলল,
-“অন্য কারো সাথে তোমার বিয়ে কী করে হতে দেই, সোনা?”
·
·
·
চলবে……………………………………………………