হ্যালো ওয়াইফি - পর্ব ১৭ - নবনীতা শেখ - ধারাবাহিক গল্প

SHYAM
হ্যালো ওয়াইফি - নবনীতা শেখ
          বাড়িতে প্রবেশ করে এদিক-ওদিক না তাকিয়ে মৌরি সোজা সিঁড়ি বেয়ে দোতলায় চলে যেতে লাগল। কোত্থাও তাকায়নি সে সিঁড়ির ধাপগুলো বাদে। কোনো আওয়াজও তার কানে আসেনি। তবু দুটো সিঁড়ি উঠে থেমে গেল।

তার উপস্থিতি!
সে!

আনমনে নেমে এলো মৌরি। পিছে মুড়ে তাকাল। লিভিং রুমের সোফায় হেলান দিয়ে বসে থাকা ব্যক্তির একহাতে ফোন, অন্যহাত সোফায় ফেলে রাখা, আর চোখ দুটো!
তার চোখে স্থির।

মৌরির খুব আগ্রহ নিয়ে তাকিয়ে রইল ওই ঘোলাটে চোখ দুটোয়। যেন খুব জানার ইচ্ছে তার, প্রতারকদের চাহনি কেমন হতে পারে। মনে মনে হাসি পেল তার। হাসি গিলে নিল সে।

-“এদিকে এসো।”
নওশাদ এতক্ষণে ধীর শব্দে তাকে ডাকল। মৌরি উপেক্ষা করল না। সে এগিয়ে তো এলো ঠিক, তবে তার কাছে না। নির্বিকার ভঙ্গি তার। শান্ত অভিব্যক্তি। সে মুখোমুখি সোফায় বসতে গেলে নওশাদ বলে উঠল,
-“এখানে। এসো।”
-“কেন?”

মৌরি প্রশ্ন করল। নওশাদ এর উত্তরে বলল,
-“কথা বলব।”
-“এখান থেকে বলুন।”
-“না।”

মৌরি উঠে দাঁড়াল। নরম পা ফেলে এগিয়ে গিয়ে একহাতের ব্যবধানে তার পাশে বসে পড়ল। নওশাদ একবার তার দিকে তাকাল। পরক্ষণে তার হাত নিজের হাতে তুলে নিল। ক্ষত স্থানে একবার আঙুল বুলিয়ে গেলে মৌরি চোখ খিঁচে ফেলল৷ হাত টান দিতে গেলে কবজিতে গ্রিপ শক্ত করে ফেলল নওশাদ। সংযত স্বরে বলল,
-“ডোন্ট মুভ।”

মৌরি নড়ল না। নওশাদ পাশে রাখা একটা টেবিলের নিচের ড্রয়ার থেকে ফার্স্টএইড বক্সটা বের করে নিল। 
-“কীভাবে হয়েছে?”

মৌরি অন্যমনস্ক হয়ে পড়ল। একবার নিজের হাতের দিকে তাকাল। আবার নওশাদের দিকে। মৃদু হেসে বলল,
-“হাতের রেখায় ভাগ্য খুঁজতে গেছিলাম। তাই ওপর থেকে রেখা মুছে দেওয়া হয়েছে।”

নওশাদ ওর হাতের ক্ষত পরিষ্কার করতে লাগল। দৃষ্টি ওদিকে স্থির রেখে বলল,
-“ফেইট ইজ আনপ্রেডিক্টেবল। যখন সময় হবে, এসে যাবে। কেন যাবতীয় সকল রহস্য ভেদ করার তোমার এত তাড়া?”

মৌরি হাসতে লাগল। শব্দ করে হাসতে লাগল। চোখে জল চলে এলো তার। এন্টিসেপটিকের তীক্ষ জ্বলুনি ক্ষততে তুমুল যন্ত্রণা দিতে লাগল। সে পাগলের মতো তবু হাসতে লাগল। যখন অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল, নওশাদের অন্য হাতের বৃদ্ধাঙ্গুল ওর গালে উঠে এলো। মুছে নিল অশ্রুকণা। গালের ওই অংশটুকুতে চোখ স্থির রাখল। কিছু বলল না।

মৌরি কৃত্রিম রসাত্মক বোধে বলল,
-“আপনার সাথে জীবনমুখী আলোচনা করে দারুণ মজা পেয়েছি। তবে আজ আর না। আজকের জন্য এনাফ। আমি এখন রুমে যাব এবং ঘুম দেবো। আগামীকাল কথা বলব। ওক্কে?”

মৌরি উঠতে যাবে, তবে নওশাদ হাত ছাড়েনি। হাতের তুলো ফেলে নতুন করে গজ বের করল। ক্ষতস্থানে ওষুধ লাগাতে লাগাতে বলল,
-“আমার এখনও শেষ হয়নি।”
-“অহ!”

মৌরি মাথা নাড়ল। নওশাদ ব্যান্ডেজ প্যাঁচাতে প্যাঁচাতে বলল,
-“আজ কেউ এসেছিল?”

মৌরি একটু ভাবুক হলো। তারপরই মনে পড়ল দুপুরের ওই মেয়েটার কথা। মাথা নাড়ল সে,
-“হ্যাঁ, এসেছিল।”
-“কে?”
-“মেবি আপনার কোনো কাজিনতুতো গার্লফ্রেন্ড। ভাইও ডাকছিল আবার আমাকে দেখে কেঁদেও দিলো। বুঝলাম না ব্যাপারটা।”

নওশাদ একপলক মৌরিকে দেখে চোখ সরু করে ফেলল, জিজ্ঞেস করল,
-“কী বলেছো ওকে?”
-“এখন দেখুন, আমি মিথ্যে তো বলতে পারি না। দেশের এত সৎ ও আদর্শ নাগরিক হিসেবে আমি যা সত্য, তাই বলেছি।”
-“আর তুমি বলেছোটা কী?”
-“এটাই যে আমি ওর ভাইয়ের বউ ভাবি। হ্যাঁ, এটা বলিনি যে বিয়েটা হয়নি এখনো। আর এটাও বলিনি এটা কনট্রাক্ট। তবু, মেইন তো ‘ওয়াইফ’ ওয়ার্ডটাই, তাইনা? বাই দ্য ওয়ে, আপনার কয় নাম্বার গার্লফ্রেন্ড ছিল ওটা?”

নওশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল,
-“গার্লফ্রেন্ড না। কাজিন ছিল।”
-“কাজিন?”
-“হ্যাঁ। চাচার মেয়ে।”
-“ওওও, আপনার ওই চাচা? যার এক পা কবরে যাওয়ার ‘ব্যাডনিউজে’ আপনি দেশে আছেন?”

মৌরি ‘ব্যাডনিউজে’ একটু জোর দিয়ে কটাক্ষ করল। নওশাদ একটু শক্ত চোখে ওর দিকে তাকাল। তারপর বলল,
-“এ ধরনের রসিকতা করতে হয় না।”
-“কেন করতে হয় না? রসিকতারও আবার ধরন আছে নাকি আশ্চর্য! যে এটা জায়েজ রসিকতা, এটা না-জায়েজ রসিকতা। এই রসিকতা করলে সওয়াব হবে। এই রসিকতায় পাপ হবে! অদ্ভুত!”

নওশাদ আর তার সাথে তর্ক করার বৃথা প্রচেষ্টাই করল না, যার মুখ ও শব্দ মস্তিষ্কের আগে চলে। সে অন্যদিকে তাকাল। লক্ষ করল দরজার সামনে দাঁড়িয়ে থাকা বিশালদেহী প্রাণীটা তার অনুমতির অপেক্ষায়। সে মাথা নেড়ে হাসল। হাতের ইশারা ও উচ্চারণে মাত্র একটি শব্দ করল,
-“ড্যাগার!”

মুহূর্তেই ড্যাগার লেজ দোলাতে দোলাতে ছুটে এসে তার সামনে বসে পড়ল। বিশাল থাবা দুটো মেঝেতে রেখে মাথাটা সামান্য কাত করে তাকিয়ে রইল নওশাদের দিকে। তার গাঢ় বাদামি চোখজোড়া জ্বলজ্বল করছে। নওশাদ তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল।

মৌরি ততক্ষণে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। অহেতুক কারণবশত, উঁহু... বলা ভালো, অত্যন্ত সুগঠিত এক কারণবশত মৌরি ড্যাগার নামের এই কুকুরজাতের অন্তর্ভুক্ত প্রাণীটিকে অসম্ভব ভয় পায়। কারণটা হলো ওর চোখ, ওর চাহনি, ওর দাঁত আর ওর হুংকার। মৌরির প্রাণপাখি খাঁচার ভেতর লাফাতে থাকে, কখন যে বের হয়ে আসবে কে জানে!

তাই তো দূরে দাঁড়িয়ে সেই কালো ও গাঢ় খয়েরি লোমে ঢাকা পেশিবহুল শরীর, চওড়া বুক ও কান খাড়া করে রাখা অসভ্যটার দিকে তাকিয়ে রইল। নওশাদ ওর দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল,
-“ভয় পাচ্ছো?”

মৌরি রাগ ও ভয় একসাথে বের করল দুটো শব্দে,
-“স্বাভাবিক না?”
-“গুড।”

রাগ বাড়ল মৌরির, ভয় তুলনায় পিছে পড়ে রইল,
-“গুড? মানে কী? ভয় পাওয়া গুড?”
-“হুম।”
-“তাহলে আমি ভয় পাই না।”

মৃদু এক বাঁকানো তলোয়ার নওশাদের ঠোঁটের পাশ দিয়ে চলে গেল,
-“আচ্ছা?”
-“কী?”
-“ভয় পাও না..”
-“সেটাই তো। ভয় পাব কেন? আমি জাস্ট সরে জায়গা করে দিলাম যাতে এই মোটু এখানে বসতে পারে আরাম করে। আফটার অল, দেশপ্রেমী ট্যাগের সাথে পশুপ্রেমী বান্দাও আমি। যাই হোক। আপনি আর আপনার বন্ধু মিলে এখানে ঘেউঘেউ করেন, আমি আমার রুমে গিয়ে ঘুমাই। ভালো থাকবেন। গুডনাইট।”

নওশাদ ড্যাগারের গলায় হাত বোলাতে বোলাতে বলল,
-“এদিকে এসো।”

আত্মা ছলকে উঠল মৌরির। অজানা শঙ্কায় ভেতরটা কাঁপতে লাগলেও, সে যথাযথ কম্পনহীন গলায় কারণ জানার চেষ্টা করল,
-“কেন?”

প্রশ্নটা করে মনে হলো সে কুয়া খুদেছে। এখনই নওশাদ তাকে সগৌরবে আমন্ত্রণ জানাবে সেই কুয়ায় ঝাঁপ দেওয়ার। তার চিন্তাভাবনা তখন বাস্তবিকে রূপ নিল, যখন নওশাদ বলে উঠল,
-“ড্যাগার ওয়ান্টস টু সে হ্যালো। এদিকে এসো।”
-“না, আমি যাব না।”
-“তুমি না ওকে ভয় পাও না?”
-“ভয় পাই না তো। আমি জাস্ট ওর ভাষা বুঝি না। কয়টা ঘেউ করলে ও বুঝবে আমি হ্যালো বলেছি, আর কয়টা ঘেউ করলে ও ভাববে আমি ওকে ধমকাচ্ছি, তারপর এসে কামড়ে কামড়ে ধমকের শোধ নেবে, কে জানে! তার চেয়ে আপনাকে আপনার বন্ধু মোবারক, আমি যাব এখন। আর একবার পেছন থেকে ডাকলে আপনি একটা টিকটিকি।”

মৌরি পিছে ঘুরে দৌড় দিতে নেবে, দুটো কদম ইতোমধ্যে অতিক্রম করেছেও সে, ঠিক এমন অবস্থায় তার হাতের কবজিতে টান পড়ল। কাঁদো কাঁদো মুখে পিছে তাকাল মৌরি। ঠোঁট উলটে বলল,
-“কী সমস্যা আপনার? কী চাই?”

নওশাদ কিছু বলল না। তবে ওর হাতে টান পড়ল। মুহূর্তের ব্যবধানে নিজেকে সোফার প্রান্তে পেল, বসা অবস্থায়। তার পাশে নওশাদ তখনও বসে। ড্যাগারও সামনে বসে। সে পারছে না কাঁদতে, তবে খুব করে চাইছে ধরনী যেন একটুকু দ্বিধা করুক আর মাটি ফাঁক করে তাকে গিলে নিক। এই জ্বালা আর যন্ত্রণায় সে আর একটাক্ষণও বাঁচার ইচ্ছে রাখে না।

আর এমনধারা চিন্তা, অচিন্তা, কুচিন্তা ও দুশ্চিন্তার মাঝে নওশাদ ধরে রাখা ওর হাতটা নিয়ে আলতো করে রোমশ কিছু একটাতে ছোঁয়াল। বিদ্যুতের ঝটকা খাওয়ার মতো ছিটকে উঠল মৌরি। নওশাদ শান্তচোখে ওর দিকে তাকিয়ে বলল,
-“স্থির থাকো।”

মৌরি অসহায় চোখে তাকিয়ে বলল,
-“দেখুন না, কেমন তাকিয়ে আছে! চিবিয়ে খেয়ে ফেলবে আমাকে।”
-“খাবে না।”
-“তাহলে গিলে ফেলবে ফর শিওর।”
-“গিলবে না।”
-“তাহলে খামচে নখ পরিষ্কার করে ফেলবে। বিশ্বাস করুন।”
-“কিচ্ছু করবে না। ওর মাথায় হাত বোলাও।”

মৌরির আঙুলগুলো তখনো শক্ত রইল। ড্যাগার নড়েচড়ে বসতেই সে হাত সরিয়ে নিতে যাচ্ছিল দ্বিগুণ ভয়তে। নওশাদ তার কবজিতে চাপ দিয়ে থামাল। ড্যাগার চোখ বুজে মাথাটা আরও খানিকটা নিচু করে ফেলল। মৃদু লেজ দোলাতে লাগল। 

-“সী? কিচ্ছু করবে না ও।”

নওশাদের আওয়াজ শুনে মৌরি বিস্মিত চোখে তার দিকে তাকাল। তাজ্জব কণ্ঠে বলল,
-“এত বড়ো এক জানোয়ার এভাবে কীভাবে শান্ত হতে পারে আশ্চর্য!”
-“কারণ জানোয়ারটা তোমার চেয়ে বেশি ভদ্র।”

মৌরি এবার সাহস করে আরও একবার ড্যাগারের মাথায় ও কানের পাশ দিয়ে হাত বোলাল। ড্যাগার ওর হাতের কাছে নাক এগিয়ে শুঁকে নিল। চমকে উঠলেও, ভয় পেলেও, বুকের ধুকপুকানি বাড়লেও সে এবার আর হাত সরালো না। নিজের খুব কাছ থেকে তখন একটা আওয়াজ লক্ষ করল সে। ফিসফিসানি, কান ছোঁয়া...
-“তুমি জানো, ও কেন তোমার সামনে মাথা নত করেছে?”

মৌরি মাথা ঘুরিয়ে তাকাল না নওশাদের দিকে। দূরত্ব এতটাই কম যে, মাথা ঘুরালে তা শূণ্যের কোঠায় এসে ঠেকার সম্ভাবনা রয়েছে। সে ওভাবেই বলল,
-“কেন?”

ওপাশ থেকে পূর্বের চেয়েও তীক্ষ্ণ ফিসফিসানি এলো কিছু সময়ের ব্যবধানে, 
-“কারণ ও জানে... ইউ আর মাইন।”
·
·
·
চলবে……………………………………………………

একটি মন্তব্য পোস্ট করুন

WhatsApp