পদ্মজা - পর্ব ৩৮ - ইলমা বেহরোজ - ধারাবাহিক গল্প

পদ্মজা - ইলমা বেহরোজ
          পদ্মজা ভক্তির সঙ্গে নুরজাহানের পা টিপে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে, পারেনি। মদন কিছুতেই ঢুকতে দেয়নি। তার এক কথা, নুরজাহান না বললে ঢুকতে দিবে না। অগত্যা পদ্মজা নিরাশ হয়ে নুরজাহানের ঘরে এসে পা টেপা শুরু করেছে…যদি একটু পটানো যায়। ঘণ্টাখানেক ধরে সে নুরজাহানের পা টিপছে। হাত টনটন করছে ব্যথায়। নুরজাহান আয়েশ করে ঘুমাচ্ছেন। কখন যে ঘুম ভাঙবে! এভাবে কেটে যায় আরো অনেকটা সময়। নুরজাহান চোখ মেলে তাকান। ঘুমকাতুরে কণ্ঠে পদ্মজাকে বললেন, ‘এহনো আছো?’

পদ্মজা মৃদু হাসল। নুরজাহান বললেন, ‘অনেকক্ষণ হইছে। যাও, এহন ঘরে যাও।’

পদ্মজার চোখে মুখে আঁধার নেমে আসে। পরক্ষণেই মিষ্টি করে হেসে বলল, আপনার ভালো ঘুম হয়েছে?’

‘সে হয়েছে।’

‘দাদু একটা প্রশ্ন করি?

‘করো।’

‘রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল। উনাকে পরিষ্কার করে রাখার জন্য একটা মেয়ে দরকার। কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন।’

‘ষাঁড়ের লাহান শক্তি ওই ছেড়ির। হের লগে ছেড়িরা পারব না। সবাই ডরায়।

‘তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সবসময়!’

‘সবাই ডরায়। কেউ যাইব না সাফ কইরা দিতে। তুমি বেহুদা কথা বলতাছো।’

নুরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, ‘আমার মনে হয় আমি পারব। ভাবি আমাকে আঘাত করবে না। আমাকে যাওয়ার অনুমতি দিতেন যদি।’

‘পাগল হইছো ছেড়ি? কেমনে খামচাইয়া ধরছিল মনে নাই? আর কথা কইয়ো না। যাও এন থাইকা।’

পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়াল। দুই তলার বারান্দা থেকে আলগ ঘরের সামনের খালি জায়গা দেখা যাচ্ছে। সেখানে গ্রামের মানুষের ভিড়। মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষদের সমস্যা শুনছেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায়ই ঘটে। পদ্মজার খুব ভালো লাগে। গর্ব হয়।

—————

পূর্ণা ঘাটে বসে আছে। মাদিনী নদীর স্রোতে তার দৃষ্টি স্থির। প্রান্ত-প্রেমা স্কুলে গিয়েছে। সে যায়নি। ইদানীং সে স্কুলে যায় না একদমই। ভালো লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব থমকে গেছে। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো এই ঘাটে বসে দুজন কত সময় পার করত, কত গল্প করত; আজ পদ্মজার জায়গা শূন্য। পূর্ণা অনুভব করে, সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা কানে বাজে। এতদিন হয়ে গেল তবুও এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটি ছলছল করে উঠে। সে নিচের ঠোঁট কামড়ে দুইবার ডাকল, ‘আপা…আপারে।’

বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন। জুতা খুলে পা টিপে হেঁটে এসে পূর্ণার পাশে বসেন। পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল। এরপর বলল, ‘আপনি এখানে এসেছেন কেন?’

প্রশ্ন ছুঁড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকাল। দেখতে পায়, বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। আরেকটু খেয়াল করে বুঝতে পারল অন্যরকম কেন লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজল নেই। থুতনির নিচে সবসময় কালো তিনটা ফোঁটা দিতেন সেটাও নেই। পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকাল। হাতেও দুই-তিন ডজন চুড়ি নেই। দুই হাতে শুধু দুটো সোনার চিকন চুড়ি।

পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পালটা প্রশ্ন করল, ‘আপনি আজ সাজেননি কেন?’

‘না ছাজলে কি আমারে ভালা লাগে না?’ বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী।

পূর্ণা বাসন্তীর চোখেমুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মহিলা মায়াবী চেহারা পেয়েছে! প্রাকৃতিক সৌন্দর্য। চকচকে গাল। বয়স চল্লিশের উপর মনেই হয় না। কিন্তু মুখে পূর্ণা কিছু বলল না। সে চোখ সরিয়ে নিলো। বাসন্তী বললেন, ‘আমার সঙ্গে গপ করবা?’

‘আমার ঠেকা পড়েনি।’ পূর্ণার ঝাঁঝাল স্বর।

বাসন্তী পূর্ণার পাশ ঘেঁষে বসেন। পূর্ণা বিরক্তিতে চোখ-মুখ কুঁচকে ফেলল। কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবেমাত্র। তখন বাসন্তী বললেন, ‘আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাছছিলাম ছত্যি। তবুও ছেছ বয়ছে আইছছা একটা ভুল করে ফেলি। ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি। কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নেয়। আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না। তাই গ্রামের মানুছ নিয়া আছছিলাম। আমার এই কাজের জন্য তোমাদের এত বড়ো ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাক গে ছেছব কথা। তোমার আব্বা আমারে আজও মাইনা নেয় নাই। তাতে আমার দুঃখ নাই। তোমার আম্মার মতো একটা ছোটো বইন পাইছি। তোমার দুইডা ভাই-বইনের মতো ছন্তান পাইছি। আমি নিঃছন্তান। আমার কোনো ছন্তান নেই। কখনো হবেও না। ছন্তানের চূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়িতে আছার পর থেকে সেই দুঃখ ঘুচে গেছে। প্রান্ত-প্রেমা যখন আমারে বড়ো আম্মা কইয়া ডাকে, আমার খুছিতে কান্দন আইছছা পড়ে। ছুধু ভালো লাগে না তোমার গুমট মুখটা। বিছ্‌বাস করো আম্মা, তোমার মারে আমি তাড়াতে আছি নাই। ছে হইছে গিয়া হীরার টুকরা। তার মতো মানুছ হয় না। আমি যা চেয়েছি তার চেয়েও বেছি পাইছি। ছেটা তোমার আম্মা দিছে। আমি চাই না আমার জন্য তুমি কছ্‌ট পাও। আমি তোমারে বলব না আমারে আম্মা ডাকতে। আমি ছুধু চাই তুমি আমারে মাইনা নাও। ভালো থাকো। হাছিখুছি থাকো। আমি তোমার বন্ধু হইতে চাই। তোমরা যেমনে বলবা আমি তেমনেই চলব। এই যে দেখো, তোমার ছাজগোজ পছন্দ না বলে আমি আজ ছাজি নাই। আর কোনোদিনও ছাজব না। আমি কী কম ছুন্দর নাকি যে ছাজতেই হবে!’ শেষ বাক্যটি রসিকতা করে হেসে বললেন তিনি।

বাসন্তীর কথাগুলো পূর্ণার মন ছুঁয়ে যায়। পূর্ণা বরাবরই কোমল মনের। তবুও শক্ত কণ্ঠেই বলল, ‘আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমা-প্রান্তকে নিয়ে। আমি আমার মতো থাকব আমার মাকে নিয়ে। আমার আর কারোর বন্ধুত্বের দরকার নেই। ‘

বাসন্তীর চোখ ছলছল করছে। তবুও তিনি হাসতে কার্পণ্য করলেন না। বললেন, ‘তোমার চুল অনেক চুন্দর আর লম্বা। এখন তো ভরদুপুর। বাইন্ধা রাখো।’

পূর্ণা চুলগুলো হাত খোঁপা করে নিয়ে বলল, ‘আম্মা এখনও ঘুমে?

‘হ।’

‘আম্মার কী যে হয়েছে! কখনো একদমই ঘুমায় না। আর কখনো ঘুম ছেড়ে উঠতেই পারে না।’

‘পদ্মজার জন্য কান্ধে দেখি। ছরীর দুর্বল হয়ে পড়ছে। এজন্য ঘুমায়।’

পূর্ণা উঠে দাঁড়াল। বাসন্তী বললেন, ‘আমি রানছি বলে ছকালে খাইলা না। এখন নিয়া আছি ভাত?’

‘পরে খাব।’ বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে গেল।

মায়ের ঘরে এসে দেখল, তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। চুল ছড়িয়ে আছে বালিশে। কেমন শুকিয়ে গেছেন। এতক্ষণ না খেয়ে থাকলে তো আরো শুকাবেন। ডেকে খেতে বলা উচিত। আপা থাকলে কত যত্ন করত!

পূর্ণা ডাকল, ‘আম্মা…আম্মা।’

হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকল, ‘ও, আম্মা। উঠো এবার। দুপুর হয়ে গেছে। আম্মা…ও আম্মা।’

হেমলতা চোখ খুললেন, চোখের মণি ফ্যাকাসে। তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকল।

পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল, ‘কী হয়েছে আম্মা?’

হেমলতা কিচ্ছুটি বললেন না। পূর্ণা হেমলতাকে ধরে ওঠাল।

হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণ স্বরে প্রশ্ন করলেন, ‘কে তুমি?’
·
·
·
চলবে……………………………………………………

একটি মন্তব্য পোস্ট করুন

WhatsApp