ভালোবাসি সুচরিতা - পর্ব ২৬ - মম সাহা - ধারাবাহিক গল্প

SHYAM
ভালোবাসি সুচরিতা - মম সাহা
          শহরের মানুষের ব্যস্ততা বাড়ে সূর্য উঠার সঙ্গে সঙ্গে। কী যেন, কীসের তাড়নায় তারা কেবল ছুটে চলে অলীক দিগন্তের পথে। মূলত এই মানুষগুলো জানেও না তারা কীসের আশায় এমন মরিয়া হয়ে ছুটছে। কী পাওয়ার নেশায় দিবানিশি পুড়ছে অনলে। পার্থিব কোন সম্পদ ধরা দিবে এই প্রতিযোগিতায় লিপ্ত জীবনে? কোন ফলাফলটুকু তাদের শেষ চাহিদা? কিছুই জানা নেই তাদের তবুও ট্রামে-বাসে, রিকশায় অথবা হেঁটে গন্তব্যে যাওয়ার কী না তাড়া তাদের!
 সেই ব্যস্ত জনগণের মাঝে একজন মানুষ নির্লিপ্ত। শরীরে রোদ এসে লাগছে তার। তবুও তাকিয়ে তাকিয়ে দেখছে ছুটন্ত মানুষদের। যেন তার কত কালের বিশ্রাম চলছে। বিরতি জীবনে কানায় কানায় পরিপূর্ণ। তাই চোখ মেলে মানুষ দেখছে। 

 অপরিচিত এতগুলো মুখমণ্ডলের মাঝে একটি মুখকে তার পরিচিত ঠেকল। ঘর্মাক্ত মুখটির মেয়েটি বোধহয় রিকশার খোঁজ করছে। পাচ্ছে না বলে মেজাজ বেজায় তুঙ্গে। কপালে ভাঁজ ফেলেছে কয়েকটা। 
 লোকটা টুপির আড়ালে ঠোঁট বাঁকিয়ে হাসলেন৷ উনার যেন ব্যস্ত মানুষ দেখবার চাকরিটি অব্যাহত পেলো। দু'কদম এগিয়ে গেলেন নিজ উদ্যোগেই। মেয়েটির পাশে গিয়েই দাঁড়ালেন। ডাকলেন মৃদু স্বরে,
 “মিস টুনটুনি না?”

 টুইটুবানির মাথার উপর ছাতা ধরা। হাতে বাজারের একটি ব্যাগ। আজ শুক্রবার, বাজার করার কথা যাবের শিকদারের। কিন্তু কোনো একটি কারণে আজ তিনি বাড়িতে নেই। তাই সেই দায়িত্ব টুইটুবানি আপসেই নিজের কাঁধে তুলে নিয়ে বাজার করতে এসেছিলো। কিন্তু সামনে মুখ ঢাকা, ক্যাপ পরিহিত লোকটিকে দেখে সে যেন কিছুটা চমকেই গিয়েছে। 
 চোখগুলো গোল গোল হয়ে এসেছে। আচমকা ওর বিরক্তির কপালে দেখা মিলল এক ছটাক আনন্দের। আপ্লূত স্বরে প্রশ্ন করল, “হাসান সাহেব, আপনি?”

 ক্যাপ হাসান সাহেবের মুখে ছায়া দিয়ে রেখেছে। মুখের অনেকটাই ঢাকা। তবুও টুইটুবানি দেখল হাসান সাহেবের ঠোঁটে ওর মতোই হাসি দেখা দিয়েছে। লোকটা বেশ প্রশংসার স্বরে বললেন, “চিনে ফেলেছেন?”

 “চিনব না? আপনার একেকটা সিনেমা আমি কয়েকবার করে দেখি। আপনার এই হাসি, কণ্ঠ আমার মুখস্থ।”

 হাসান সাহেব ডান হাতটা নিজের বুকে চেপে ধরলেন। কৃতজ্ঞতার ভঙ্গিতে উত্তর দিলেন, 
“আমি ভীষণ ইম্প্রেস হয়েছি। সচরাচর এভাবে আমাদের কেউ চেনে না।” 

 “আপনি এখানে কেন? বাজার করতে এসেছেন?” টুইটুবানি প্রশ্ন করল। হাসান সাহেব উত্তর দেওয়ার বদলে টুইটুবানির হাত থেকে বাজারের ব্যাগটি নিলেন আলগোছেই। এরপর ইশারা করলেন সামনে এগোনোর জন্য। 

 “বাজার করে কী করব? আমার তো বাড়িতে রান্নার লোক নেই।”

“তাহলে খান কীভাবে?”

 “বাহির থেকে আনিয়ে। অথবা মাঝে মাঝে বিপ্লব এসে টুকটাক রেঁধে দেয়। বেশিরভাগ সময়তো শুটিং এর ওখানেই থাকা হয় তাই খাওয়ার সমস্যা হয় না।”

টুইটুবানির বোধহয় মায়া হলো। খাবার নিয়ে কাউকে কষ্টে দেখলে ওর মায়া হয়। কারণ ঐটুকুনই তো ও পারে। ভালো রেঁধে খাওয়াতে। তাই ওর ইচ্ছে করে পৃথিবীর সকল অভুক্ত মানুষকে রেঁধে খাওয়াতে। কেবল হাসান সাহেবের সাথে পরিচয়টা নব্য বলে সেই কথাটি আর বলতে পারল না। বলল ভিন্ন প্রসঙ্গে, “তবে বাজারের এখানে যে? কোথাও যাচ্ছেন?”

 “আমি অবসর সময়ে এখানে এসে দাঁড়াই। ব্যস্ত পথতো, অনেক ধরণের মানুষ দেখা যায়।”
টুইটুবানি ভারী আশ্চর্য হলো। একজন এত বড়ো তারকা কি-না রাস্তায় এসে দাঁড়ান মানুষ দেখতে? এ-ও হয়!

  ও দাঁড়িয়ে পড়ল। অদ্ভুত ভাবে তাকালও বটে। হাসান সাহেব মুখ পড়তে ভীষণ পটু বোধহয়। তাই চট করে বুঝে ফেললেন টুইটুবানির দাঁড়ানোর কারণ। কাঁধ ঝাঁকিয়ে বললেন, “মানুষ দেখতে ভালো লাগে। বিভিন্ন চরিত্র করিতো তাই মাঝে মাঝে গুলিয়ে ফেলি আমি কে, কী। তাই এসে মানুষ দেখি। মানুষ দেখলে বুঝতে পারি আমি আসলে তাদেরই একজন। এই ছুটে চলা পৃথিবীরই একজন। এরপর কাজের জন্য আবার এনার্জি পাই। নয়ত মাঝে মাঝে কেন কাজ করব সেটারই কারণ হারিয়ে ফেলি। কীসের জন্য ছুটব তা-ই ভেবে পাই না।”

 “আপনি কাজ করবেন আমাদের জন্য। আমরা আপনার সিনেমা-নাটক ভালোবাসি তাই কাজ করবেন।”

 হাসান সাহেব টুইটুবানির অধিকারবোধে গা দুলিয়ে হাসলেন, 
“এর আগে কোনো ভক্ততো এভাবে বলেনি। এরপর থেকে মনে রাখব। আপনাদের জন্য কাজ করব।”

  টুইটুবানিকে রেখে সে আগ বাড়িয়ে একটি রিকশা ডেকে দিলো। উঠিয়ে দিলো মেয়েটাকে। যত্ন করে রাখল বাজারের ব্যাগটাও। বিদায় জানাতে জানাতে বলল,
“আজ তাহলে যাচ্ছি, টুনটুনি।”

 টুইটুবানি জিভ ভিজিয়ে নিলো নিজের। ভুল শুধরাতে বলল, “টুনটুনি নয়, টুইটুবানি।”

 হাসান হাসতে হাসতে মাথা নাড়ায়। মেয়েটা জানে না পরবর্তীতে আর দেখা হবে কি-না তবুও নামের সম্বোধনটা বার বার ধরিয়ে দিচ্ছে। নারীরা একটু গোছানোই হয় বটে। সাময়িক অনেককিছু জেনেও তারা গুছিয়ে রাখে। এদের বৈশিষ্ট্যই ভিন্ন।

—————

  আজ হিসেব মতে শুক্রবার ছিলো। টেবিলে গোল হয়ে খাওয়ার কথা ছিলো প্রত্যেকের। কিন্তু যাবের শিকদার যেন কী এমন কাজে ব্যস্ত আজ। তাকে পাওয়া গেলো না সারাবেলা। 
ইমন ভাইয়ের আজ মাঠে খেলা। খেয়েই চলে গিয়েছে সেখানে। টুইটুবানি রেডিও ছেড়েছে ঘরে। আজকে বিশেষ সিনেমা দেখায় মনোযোগ নেই তার। আপন মনে সাজছে। ওরা সিলেট থেকে ফিরেছে দিন কয়েক তো হয়ে গিয়েছেই বটে। জোহরা সেই দিন কয়েকে টেলিফোনের দিকে ঘেঁষেনি। ভেবেছিল মেজবাহ্ শেখ আকুল হয়ে ফোন করবে। কিন্তু করেনি। এজন্য একটু অভিমানও হয়েছিলো। কিন্তু পরক্ষণেই মাপতে গিয়ে দেখল দোষের পাল্লা ভারি তার। সে সামনে গিয়ে পরিচয় দেয়নি, লুকোচুরি করেছে। রাগতো বিপরীত পক্ষেরই বেশি করা উচিত। পড়াশোনায় একটু বুঁদ হতে চেয়েছিল কিন্তু পারেনি। মনটা বড়োই উচাটন। বার বার ফোনের কাছে গিয়ে ঘুরে এসেছে। 

 আজও দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আছে। বিকেল চারটা বেজে গিয়েছে অনেকক্ষণ হলো। বার বার মনটা ছটফট করছে। গিয়ে একটু টেলিফোন করার জন্য। কিন্তু যদি লোকটা ওকে সেদিনের কিছু জিজ্ঞেস করে তবে ও কী উত্তর দিবে? সেই ভেবে দু'বার টেলিফোনের কাছে গিয়েও ফিরে এসেছে। সাহসে কুলোয়নি। 
 জোহরার কানে এসে লাগছে রেডিওতে বাজা গান। গানের দিকে একটু মন বসতেই হুট করে টেলিফোনের তীর্যক শব্দ এসে ওর ধ্যানে বিঘ্ন ঘটালো। চমকে উঠল সঙ্গে সঙ্গে। 

 এতটাই উন্মাদ হলো চিত্ত যে দিন দুনিয়া ভুলে শাড়ির কুঁচি ধরেই ধপাধপ্ করে সিঁড়ির দিকে ছুটল। এবং ও খেয়াল করলো ওর পেছন পেছন আজ আরও একজন এসেছে। যা এর আগে হয়নি কখনো। এবং অন্য একজনের উপস্থিতিতে ও থেমে গেলো। আজ বাবা নেই। টেলিফোনের জন্য তবে এত উতলা হলো কে?
 ভ্রু কুঞ্চিত করে তড়াক করে পেছনে তাকাতেই দেখল সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে প্রেমা। ওরও দৃষ্টি জোহরার মতোই বিস্মিত। 

  জোহরার একটু খটকা লাগলো যদিও তবে ও বুঝতে দিলো না। কপাল কুঁচকে প্রশ্ন ছুঁড়ে, “এখানে কী?”

 প্রেমার মুখটি ছোটো হয়ে আসে। কাঁচুমাচু করে খানিক। কী উত্তর দিবে তা যেন ভাবে চুপ করে। 
“কী হলো? তোর এখানে কী?”

  প্রেমা চট করে উত্তর দেয়, “টেলিফোন এসেছে বলেই তো এলাম! তোমার মতোই।”

 প্রেমা এর আগে টেলিফোন এলেও কখনো ছুটে আসেনি। আজই প্রথম। তাই জোহরার বিশ্বাস হতে চায় না অজুহাতটি। ও নিজের দু'হাত ভাঁজ করে বুকের উপর, 
 “আমরাতো আছি। তোকে ছুটে আসতে বলেছে কে?”

প্রেমার গলা শুকিয়ে আসে। চোখের মণি বার কয়েক ঘুরায়। হয়ত নতুন একটি উত্তর খোঁজার জন্য। কথার উত্তরে ও কম পটু নয় বিধায় সামলে নেয় পরিস্থিতি, 
 “ভেবেছিলাম তুমি বোধহয় ঘুমে। ভাতঘুম তো তোমার প্রিয়।”

“আমি ঘুমে না। যা এখন, আমি টেলিফোন ধরছি।”

 জোহরার প্রস্তাবে বাঁধ সাধল প্রেমা, “কিন্তু তোমারতো টেলিফোন ধরা নিষেধ, আপা!

 “তোর জন্য নিষেধ নয়? তোর জন্যও তো নিষেধ। তবে তুই এলি কেন?”

 প্রশ্নে জব্দ হয় প্রেমা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, 
“যদি দরকারী ফোন হয় তাই এসেছিলাম।”

 “আমিও সেজন্য এসেছি। যা তুই। আমি দেখছি।”

জোহরা যেতে বললেও প্রেমা নড়ে না। দাঁড়িয়ে থাকে। জোহরা যদিও যুক্তিতর্ক করেছে বহুত কিন্তু ভয় তারও হয়। যদি ফোনটা মেজবাহ্ শেখের হয়। তবে? ও কীভাবে সামলাবে?
 যদিও দুই বোনের কথার মাঝে ফোনটি কেটে গিয়েছিলো। এখন পুনরায় বাজছে। 

 নিজেকে ধাতস্থ করে, বুঝিয়ে শুনিয়ে টেলিফোনের কাছে দাঁড়াল সে। কোনো একটা মিথ্যে না-হয় বলে দিবে। এ আর এমন কী? 

 রিসিভার তুলতেই ওপাশ থেকে বাবার কণ্ঠস্বর ভেসে এলো,
“হ্যালো, কে, টুইটুবানি? নাকি ইমন?”

 বাবার কণ্ঠে বেজায় তাড়া। জোহরা ভড়কে গেলো। বোনের সাথে তর্ক করতে এসে পড়ল মুসিবতে। বাবা যদি বুঝেন জোহরা ফোন তুলেছে তবে খবর আছে। 

 বাবার ব্যস্ততা তখন তুঙ্গে, “কথা বলছো না কেন? কে বলছো?”

  জোহরা বোনকে ডাকল। মাথার ইশারায়। টেলিফোনটা নিজের থেকে একটু দূরে সরিয়ে বলল,
“এদিকে আয়, তোর ফোন।”

 একদম ধীরে বলল যেন বাবা শুনতে না পান। 
প্রেমার মুখ শুকিয়ে এলো। ওর ফোন? ওর ফোন হলেতো তুলকালাম লেগে যাওয়ার কথা এতক্ষণে! তবে আপা এত সহজে কীভাবে বলছে? কে ই বা ওকে ফোন করেছে? অন্য কেউ? ও যার কথা ভাবছে সে নয়?

 প্রেমা ছুটেই এলো প্রায়। আপার দিকে এক পলক তাকিয়ে টেলিফোন কানে তুলল। চটপটে স্বরে বলল, “হ্যালো, কে বলছেন? আমি প্রেমা।”

  পরপরই ওপাশ থেকে ভেসে এলো বাবার গুরুগম্ভীর কণ্ঠ, “তুমি কল তুলেছো কেন? তোমাকে ফোন তুলতে কে বলেছে?”

আচমকা বাবার কণ্ঠ পেতেই চমকে গেলো প্রেমা। আপার দিকে তাকালো অবিশ্বাস্য চোখে। 
 আপা ওকে বেশ ফাঁসিয়ে দিয়েছে বুঝতে পেরেই ওর চোখ বড়ো বড়ো হয়ে গিয়েছে। জোহরা শাড়ির আঁচল মুখে চেপে হাসি আটকে রাখার চেষ্টা করছে। যদিও পারছে না। প্রেমার শুঁকিয়ে যাওয়া মুখটি এত দুর্দান্ত লাগছে। 

 ফোনের ওপাশে বাবা ছুঁড়ছেন পর পর প্রশ্ন। উত্তর দিতে প্রেমার মিথ্যের আশ্রয় নিতে হলো অবশেষে,
 “টুইটুবানিতো বাহিরে হাঁটতে বেরিয়েছে, বাবা। তাই আমি ধরেছি ফোন।”

 “বাহিরে গেলো ফোন বাজতো। ধরেছো কেন?”

“তুমি বাড়িতে ছিলে না বলেই ধরেছি। বুঝেছি তুমিই দিবে।”

 “বেশি চালাকি করো না। যাই হোক, তোমার ইমন ভাইকে ডাকো।”

“ভাইতো খেলতে গিয়েছে মাঠে। কিছু লাগবে?”

 “ওকে লাগতো। এলো বলোতো একটু অফিসে আসতে। তা, খেয়েছো তোমার?”

 গুরু-গম্ভীর বাবার পেছনে একজন দায়িত্বশীল বাবার মুখাবয়ব উঁকি দিলো যেন। প্রেমার মুখে হাসি ফুটল এক চিমটি,
“খেয়েছি। তুমি খেয়েছো?”

 “খেয়েছি। আপার কাছে টাকা আছে টুইটুবানি আর তুমি কিছু খেলে এনে খেও। আপাও খেলে এনো।”

“ঠিক আছে।”

 “আর ফোন ধরো না যে-ই কল করুক।”

“ঠিক আছে।”
প্রেমা মাথা কাত করতেই যাবের শিকদার ফোন রেখে দিলেন। 

যাবের শিকদার ফোন রাখতেই প্রেমা ছুটল আপার পিছে। জোহরা বোনকে আসতে দেখে ছুটল কুঁচি ধরেই। খিলখিল হাসি লেপ্টে আছে ওদের মুখে। 

  এর মাঝেই ঘরের সদর দরজায় টোকা পড়ল। জোহরা ছোটা বন্ধ দিয়ে দরজায় গিয়ে দাঁড়াল। দরজা খুলতেই দেখল ইমন দাঁড়িয়ে আছে। মুখ চোখ অন্ধকার। হাতে থাকা চিঠিটা এগিয়ে দিলো জোহরার দিকে,
 “ছিঁড়ে ফেল।”

জোহরা চিঠি দেখেই বুঝতে পারল পাঠিয়েছে কে। অস্ফুটস্বরে তবুও জিজ্ঞেস করল,
 “রুনু আপা…?”

 “এই নাম আর যেন মুখে না আসে। ছিঁড়ে ফেল। বাবা জানার আগেই।”

 “ভাই, তুমিও আপার প্রতি কঠিন হবে?”

“আমাদের মায়ের কথা ভুলে যাসনি নিশ্চয়?”
·
·
·
চলবে……………………………………………………

একটি মন্তব্য পোস্ট করুন

WhatsApp