এক দেশের এক রাজকন্যা ছিল। অভাগী, দুঃখী, নির্যাতিত ও মানসিক অবসাদগ্রস্ত। প্রকৃতির অপ্রিয় কন্যা। অথচ তার ছোটবেলাটা ছিল ঠিক উলটো। আদরে, আহ্লাদে ও আবদারে সে গুটিগুটি পায়ে বড়ো হচ্ছিল। তার মুখে বলার আগে সামনে হাজির করা হতো দুনিয়ার সমস্ত দামি রত্ন। তার চাওয়ার আগেই তাকে দিয়ে দেওয়া হতো নক্ষত্রপুঞ্জ। সে ছিল সবচেয়ে সুখী রাজকন্যা। প্রকৃতি হিংসেয় জ্বলে মরতে লাগল।
তারপর একদিন রানি দ্বিতীয়বার সন্তানসম্ভবা হলেন। খরার দেশে বৃষ্টি নামল। পুরো রাজ্য উৎসবে মেতে উঠল। সকলের মুখে এক বুলি, রানি সৌভাগ্য নিয়ে আসতে যাচ্ছেন। ছোট্ট রাজকন্যা হুট করেই বড়ো হয়ে গেল, দায়িত্বশীল আচরণ করতে লাগল। প্রহর গুণতে থাকে নতুন অতিথি আগমনের। তার জন্য তৈরি করতে লাগল উষ্ণ কাঁথা, মোলায়েম কাপড়। কিন্তু ওইযে! প্রকৃতি তাকে হিংসে করত! ভাগ্য তার প্রতি বড়োই অবিচার করে বসল। দ্বিতীয় সন্তান প্রসবের মুহূর্তে মা ও বাচ্চা—উভয়ই শেষ শ্বাস ফেলল। পুরো রাজ্য শোকাচ্ছন্ন হয়ে গেল। রাজা কাঁদতে লাগল পাগলের মতো। কবরের ধারে বসে রইল পরপর তিনটা রাত।
রাজকন্যা বুঝদার আচরণের সাথে অবুঝ চোখে তাকিয়ে থাকল শুধু। কান্না করল না। তার বয়স তখন পাঁচ। সে আশেপাশের পরিস্থিতি দেখে কয়েকটা জিনিস অনুধাবন করেছিল। প্রথমত তার মা ও ভাই আর কখনও ফিরবে না। দ্বিতীয়ত তার জীবনে আর কখনও যত্ন আসবে না।
তৃতীয়ত...
এই তৃতীয় জিনিসটা তার মাথায় ঢুকিয়েছিল রাজার মা, বোন ও অন্যান্য নিকটাত্মীয়রাই। তৃতীয়ত রাজা আবার রানি আনবে। নতুন মা!
রাজকন্যা এসবের সাথে পরিচিত ছিল না যদিও, তবু তার ভেতরে অদ্ভুত একটা আতঙ্ক কাজ করছিল। সে আর কিছু বুঝুক বা না বুঝুক, এটুকু টের পাচ্ছিল—বাবা এমনটা করবে না। একজনের স্থান কখনও আরেকজনকে দেওয়া যায় না। মা একজন হয়, দুইজন না।
তার তৃতীয় ধারণাটাই ভাঙল সবার আগে। সকলে মিলে রাজার মন বানিয়ে নিল দ্বিতীয় বিয়েতে। বাচ্চা পালনে অদক্ষ রাজা এত ভালোবাসার স্ত্রীর শোকে পাগলের মতো কাঁদলেন ছয়টা রাত, সপ্তম রাতে দ্বিতীয় রানি আনলেন। সবাই ভেবেছিল, এই বিয়েটা কন্যার খাতিরে করা হয়েছে, রাজা কখনো দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারবেন না। সবাইকে অবাক করে দিয়ে বছরান্তেই রাজার ঘরে দ্বিতীয় সন্তানের জন্ম হলো। একটা রাজপুত্রের জন্ম। রাজকন্যার ভাগ্য রাজপুত্রের হলো।
রাজকন্যার দ্বিতীয় ধারণা সঠিক প্রমাণিত হলো খুব শীঘ্রই। তার দিন শুরু হলো রাজার অবহেলায়, দ্বিতীয় রানির তাচ্ছিল্যে, রাজপুত্রের দেখভালে ও বাড়ির সকল কাজকর্মে। রাজকন্যা তখনও ছোট।
তার দিন কাটে, মাস যায়, বছর পেরোয়, বয়স বাড়ে। কিচ্ছু ঠিক হয় না। তার ভাগ্য তখনো সেটাই, যেটা তাকে ছোটবেলায় গছিয়ে দেওয়া হয়েছিল। এমন না যে, রাজা তাকে ভালোবাসতেন না। রাজার এক চোখের মণি ছিল রাজকন্যা। কিন্তু রাজা সেই চোখে কম দেখতেন।
রাজা তার দিকে খেয়াল করতেন না। রাজা তাই বিশ্বাস করতেন, যা তাকে তার আদরের রানি বলতেন। ছোটবেলায় যখন রাজকন্যা তার প্রতি হতে থাকা অনাচারের বিরুদ্ধে অভিযোগ করত, রাজা শুনতেন না। কিন্তু দ্বিতীয় রানি যখন রাজকন্যার ব্যাপারে মিথ্যে দোষারোপ করত, মেনে নিতেন।
রাজকন্যা অভিযোগ করা বন্ধ করে দিলো, এমন কি নিজের নিরপরাধিতার ব্যাখ্যা দেওয়াটাও বন্ধ করে দিলো। পড়াশোনায় তার আগ্রহ ছিল না, ছিল রংতুলিতে। আর এই দেশের প্রতি তার মন উঠে গিয়েছিল মায়ের মৃত্যুর রাতেই।
রাজকন্যা বড়ো হবার পর রাজার কাছে প্রথম যে আবদারটা করেছিল, সেটাকে আবদারের চেয়ে বেশি তার দাবি ও অধিকার বললেই বরঞ্চ ঠিক শোনাবে। রাজা তাকে মানা করতে পারেননি৷ যতই কম দেখেন এই চোখে, তবু তারই তো অংশ!
তখন রাজকন্যা অষ্টাদশীর শেষদ্বারে, যখন সে দেশ ছাড়ে। সম্পূর্ণ ভিন্ন দেশ, ভিন্ন পরিস্থিতি, ভিন্ন ভাষা ও ভিন্ন মানুষজন। সে দুইহাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে শ্বাস নেয়। তার জীবনে আগমন ঘটেছিল নতুন ভোরের।
১৯ সেপ্টেম্বর, ১৯৯৮!
একটা স্মরণীয় দিন। ভিনদেশে রাজকন্যা তখন শখের বিষয়ে পড়াশোনার পাশাপাশি জীবন উপভোগে ব্যস্ত। দূরন্ত, ছটফটে, আহ্লাদী ও নাজুক মেয়েটার ওপর একদিন সে দেশের রাজার নজর পড়ে যায়। নজর সরে না আর।
সে দেশের রাজা ছিল ভীষণ জেদি, রাগী, ক্ষমতাধর ও বেপরোয়া। কোনো কিছু তার চাই, মানে চাই। যেকোনো মূল্যে চাই। উপোষে না হয় আপসে। রাজার তীব্র চাওয়ার ফলস্বরূপ রাজকন্যা তার রানি হয়ে যায়।
দ্বিতীয় রানি!
প্রথম রানি প্রতারণা করেছিল, প্রতিদানে মারা পড়েছে। একটা সুন্দর রাজপুত্রও ছিল তার। রাজকন্যার সেই রাজাকে গ্রহণ করার পেছনের সবচেয়ে বড়ো তিনটা কারণ ছিল—এক, সেই রাজপুত্রের মাঝে নিজের ভাগ্য দেখা; দুই, তার বাবার দিক থেকে সে দ্বিতীয় রানির সৌভাগ্য দেখে এসেছে; তিন, রাজা তাকে ভালোবাসার চাদরে মোড়ানোর অঙ্গীকার করেছে।
রাজকন্যার দিন কাটতে থাকে সেই ছোট্টবেলার মতো। আদরে, আহ্লাদে, আবদারে আর চার বছর বয়সী ছোট্ট রাজপুত্রের সাথে বন্ধুত্বে। কিন্তু ভাগ্য! হায়! প্রকৃতি এবারও তাকে হিংসে করে বসল।
সেই দেশ আর তার বাবার দেশ, দুটো সম্পূর্ণ ভিন্ন ছিল। তার বাবার দেশে যতটা সুখ, শান্তি ও সমৃদ্ধি ছিল। এই দেশে ছিল ততটাই ক্ষমতা, লালসা আর হিংস্রতা। প্রথম হিংস্রতার মুখে পড়ে রাজকন্যার অপহরণ হলো। তাকে বিক্রি করে দেওয়া হলো অন্য দেশের ভোগদাসী হিসেবে। রাজা পুরো সাম্রাজ্য ধ্বংস করে ফেলল রাজকন্যাকে খুঁজতে।
রাজা জেদি, রাগী, বেপরোয়া ও ক্ষমতাধর ছিল। তবে প্রতিশ্রুতি ভঙ্গকারী ছিল না। সে কথা দিয়েছিল রাজকন্যার সুরক্ষার। সে কথা রেখেছিল। সে বছর হাজারটা লাশ ফেলেছিল রাজকন্যার খাতিরে। একটা একটা করে মেরেছিল সব ক'টাকে। সিংহাসন ছেড়েছিল।
রাজকন্যাকে নিয়ে চলে এসেছিল তার দেশে। ছেলেকে রেখে এসেছিল বিশ্বস্ত বন্ধুর কাছে। সেই বন্ধু, যাকে সে প্রাণের চেয়েও বেশি বিশ্বাস করে, যাকে সে নিজের সিংহাসন সঁপেছে, যার কাছে সে পাওনা আছে কতগুলো ঋণ।
চার বছর পর নিজের দেশে ফিরে রাজকন্যা দেখতে পায়, তার বাবা শয্যাশায়ী, রাজ্য ধ্বংস হয়ে গেছে, ক্ষমতা ক্ষয়ে গেছে। কিচ্ছু নেই ওই পরিবারের আর। রানি তখনো গায়ে সমস্ত সোনা পরে ঘুরছে। রাজার চোখে অনুতাপ। রাজকন্যার কাছে ক্ষমা চেয়ে শেষ দম ফেলেন তিনি। দ্বিতীয় রানি আর ছেলের জন্য রেখে যান প্রতিষ্ঠিত ব্যবসা আর অল্প কিছু সম্পদ। বসে খেলে রাজার ধনও ফুরায় কথাটা বছর তিনেকে প্রমাণিত হতে যাচ্ছিল।
ভিনদেশী রাজা রাজকন্যাকে তারই দেশে বড়ো নির্জন ও সুন্দর এলাকায় একটা বাড়ি করে দেন। বাড়ির নাম দেন দিলামোরে। দিল ও আমোরে থেকে এই নামটা এসেছে। বলাবাহুল্য, রাজকন্যার নামের একাংশ ছিল দিল।
তাদের প্রণয় আর বাকিদের মতো স্বাভাবিক ছিল না। এই প্রণয়ে আগুন ছিল, ধ্বংসযজ্ঞ ছিল, ছিল প্রতিনিয়ত হারানোর ভয়, আতঙ্ক। ওই ক্ষতিকর জগতে রাজা রাজকন্যাকে নিয়ে যেতে পারবেন না কখনো, নেবেন না, নেওয়ার সাহস তার নেই। আর না তিনি নিজে সেই সাম্রাজ্য ফেলে পুরোপুরি রাজকন্যার হয়ে যেতে পারবেন। রাজা সিংহাসন ছাড়লেও, ক্ষমতা ছাড়েননি। পর্দার আড়ালে সমস্ত কাজ তার ছিল।
তাই রাজকন্যার অর্ধেক মাস দিলামোরেতে একাকী কাটত, বাকি অর্ধেক রাজা ও রাজপুত্রের সাথে। তার একাকিত্ব দূর করতে রাজা তাকে একটা দেশীয় শাড়ির ব্যবসা গড়ে দিলেন। রেশমের ওপর রাজকন্যা রংতুলিতে নকশা আঁকতেন। একেকটা শাড়ি, একেকটা কল্পনার জগৎ হতে লাগে। তার ব্যবসা প্রতিষ্ঠিত হলো। বেশ সুনাম পেয়ে গেল অল্প বয়সেই।
তার ভাই ততদিনে দেউলিয়া। চাহিদা পূরণের জন্য ঋণ করেছেন, সেই ঋণ মেটাতে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন। দ্বিতীয় রানিও দুরারোগ্য ব্যাধিতে অনেক কষ্টে মারা গেছেন।
রাজকন্যা সন্তানসম্ভবা হলেন। রাজার মন আর বাইরে টিকল না। তিনি একটা মুহূর্তও চোখ সরালেন না রাজকন্যার থেকে। গর্ভাবস্থার পুরোটা সময় রাজা তার পাশে রইলেন৷
সে বছরের ফাগুনে তাদের ঘরে চোখ ধাঁধানো রূপ নিয়ে এক প্রজাপতির জন্ম হলো। রাজা আদরে নাম রাখলেন আলেজান্দ্রা, রাজকন্যা রাখলেন মিথিলা। বরাবরই রাজা ও রাজার রাজ্যে রাজকন্যার সিদ্ধান্তকেই গুরুত্ব দেওয়া হতো। প্রজাপতির নাম রাখা হলো মিথিলা। মিথিলা মৌরি।
তাদের ছোট্ট আদুরে সংসারে সুখের কমতি ছিল না৷ রাজকন্যা আবারও পৃথিবীর সবচেয়ে সুখী নারীদের কাতারে নিজের নাম ফেলল তখন। প্রজাপতির ছানাটা টুকটুক করে কথা বলত, হাঁটত গুটিগুটি পায়ে। গল্পটা শেষদিকে চলে এলো। এইতো, এখনই হয়তো গল্পকার বলে বসবে—আমার গল্পটি ফুরোল, নটে গাছটি মুড়োল! হয়তো এখনই গল্পের সেই কাঙ্ক্ষিত হ্যাপিলি এভার আফটারটা হবে! কিন্তু হায়!
এবার প্রকৃতি হিংসেয় পুড়ে মরল না-কি রাজকন্যার নিজেরই নজর লেগে গেল.. কে জানে?
একটা বিস্ফোরণ! রান্নাঘরের সিলিন্ডার ব্লাস্ট! আগুনে দাউদাউ করে জ্বলতে লাগল দিলামোরে! ভেতর থেকে আসতে লাগল মানুষ পোড়া গন্ধ! ব্যাকইয়ার্ডে পেপার্স আর কালার্স নিয়ে ড্র করতে থাকা বছর চারেকের প্রজাপতিটা তীব্র ধোঁয়া ও আতঙ্কে কাশতে কাশতে জ্ঞান হারাল।
একটা মানুষও বাড়ি থেকে বেরোতে পারেনি। রেসকিউ টিম এসে বাড়ির আগুন নেভালে ভেতর থেকে পাওয়া যায় দেহ ঝলসানো লাশগুলো। উদ্ধার করল জ্ঞানহীন বাচ্চাটাকে।
রাজার বন্ধু সপরিবারে সেই দিনই এই দেশে এলেন। তার স্ত্রী, নিজের ছেলে আর সাথে নিয়ে এলেন রাজার ছেলেকেও।
কিশোর ছেলেটার সাথে মেয়েটার প্রথম দেখা সেদিন, যেদিন সে তার বাবা ও প্রিয় বন্ধুকে পোড়া লাশের রূপে দেখল৷ সে-ও কাঁদল না। তার বাবা তাকে অনেক শক্ত-হৃদয়ের বানিয়ে গেছেন৷ সে শুধু রাগে ভস্ম করা চোখে মিথিলার দিকে তাকিয়ে থাকল। তার ইচ্ছে করেছিল, এই মেয়েটাকে পুড়িয়ে মারতে। সে কিছু করল না। কারণ ও তার হাফ সিস্টার।
বন্ধুর স্ত্রী আতঙ্কে স্তব্ধ হয়ে থাকা ছোট্ট প্রজাপতিকে বুকে জড়িয়ে নিলেন আদরের সাথে। সবকিছু অনাকাঙ্ক্ষিত ছিল। তবে পরিকল্পিত ছিল একটা প্রতিশ্রুতি। একটা বিয়ে!
মিথিলাকে তারা তাদের সাথে নিজেদের দেশে নিতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই রাজকন্যার ভাই ও ভাইয়ের স্ত্রী ওকে দত্তক নিয়ে ফেলল। তারা চাইলেও বেশিদিন মিথিলার সাথে থাকতে পারলেন না। তবে দেশে রেখে গেলেন ওর সুরক্ষা, তাদের হিশাম, মিথিলার দায়িত্ব নিয়ে। সঙ্গে রাজকন্যার ব্যবসায়িক বন্ধুরাও রইল সেখানে, মিথিলার দেখভালে। তবু, মন খচখচাত রাজার বন্ধুর। নিজের ছেলেকে দূরে রেখে, প্রজাপতিকে ওখানে মামা-মামিদের মাঝে রেখে।
বছর চার যেতে না যেতেই আচমকা মিথিলাকে নিজেদের কাছে রাখার শেষ উপায়টা খুঁজে পেলেন তারা। মামা-মামির সামনে প্রস্তাব রেখে দিলেন, নিজেদের ছেলে হিশামের সাথে মিথিলার বিয়ের। বাচ্চা মেয়েকে বিয়ে দিতে নারাজ মামা। বাচ্চা মেয়েটা একাকী এক সাম্রাজ্যের মালকিন।
রাজার বন্ধু তখন বড়ো চালাকির সাথে একটা সত্য-মিথ্যে দলীল বানালেন। যেখানে স্পষ্ট লেখা থাকে, মিথিলা সুস্থ, স্বাভাবিক ও বৈবাহিক অবস্থায় তার বয়স উনিশ হতেই এ সমস্ত সম্পত্তির মালিকানা পাবে। বয়স উনিশ পেরোনোর পরও যদি সে অবিবাহিত ও অবহেলিত থাকে—তবে এ সব সম্পত্তি চলে যাবে তার ভাইয়ের কাছে। এগুলো সব সত্যি ছিল। রাজা সত্যি সত্যি এমন দলীল রেখে গেছেন৷ তবে এখানে মিথ্যে ছিল এই যে, বিয়েটা ওই ছোটবেলাতেই দিতে হবে, আর রাজার দেশের বংশদ্ভূত কোনো ছেলের সাথেই দিতে হবে।
বিয়ের প্রতিশ্রুতি ছিল রাজা ও বন্ধুর মাঝে। তবে এভাবে নয়।
মৃত রাজকন্যার নামে লেখা বাড়ি ও শাড়ির ব্যবসার সম্পত্তির অর্ধেকটা তার ভাই পেয়ে গেছিল পূর্বেই, বাকি অর্ধেকটার লোভে মিথিলাকে দত্তক নিয়েছিলেন। পরবর্তীতে জানেন, রাজার বিশাল সাম্রাজ্যের উত্তরাধীকারী মিথিলা। ইতোমধ্যে চার বছর পরিশ্রম করেছেন মিথিলা মৌরি পিছে, বাকিটার আশা সেই মুহূর্তে কীভাবে ছাড়বেন তারা? বিয়েতে রাজি হন তারা এই শর্তে যে, মৌরি তার আঠারো বছর অবধি এখানে থাকবে, তাদের কাছে। তারপর তারা নিয়ে যেতে পারবে।
রাজার বন্ধু মেনে নিলেন। রাখলেন আরও এক শর্ত, মৌরিকে অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না এবং যত্নের সাথে রাখতে হবে।
মৌরি সুখেই থাকে। শোক তাকে ছুঁতে পারেনি আট বছর অবধি।
·
·
·
চলবে……………………………………………………