ইশক এ জুনুন - পর্ব ০১ - রাহা ইসলাম - ধারাবাহিক গল্প

SHYAM
          ভাসুরের সঙ্গে সদ্য বিয়ে হয়েছে দেড় মাসের অন্তঃসত্ত্বা মেয়েটির। বাসরঘরের এক কোণে গুটিসুটি মেরে, একরাশ ক্ষোভ নিয়ে বধূবেশে বসে আছে সে। মাথাজুড়ে টানা লাল ঘোমটা, বিছানায় সাদা চাদরের ওপর বসে আছে সে। অথচ চারপাশের এই সাজসজ্জার সঙ্গে তার অস্তিত্বটুকুরও যেন কোনো সম্পর্ক নেই। যার ইচ্ছের বিরুদ্ধে, শুধুমাত্র গর্ভের সন্তানটির কথা ভেবে—নবাব পরিবারের উত্তরসূরির কথা মাথায় রেখে—তাকে একপ্রকার বাধ্য করা হয়েছে এই বিয়েতে। অন্তত যতদিন না শিশুটি পৃথিবীর আলো দেখছে।

অন্যদিকে, তার সামনে ছড়িয়ে-ছিটিয়ে আছে একেবারে ধ্বংসস্তূপ। আর সেই তাণ্ডব এখনো থামেনি। নবাব পরিবারের বড় ছেলে রুবায়েত নবাব ইনান। পেশায় একজন ডাক্তার। মায়ের অসুস্থতার কথা বলে একপ্রকার আবেগের ফাঁদে ফেলেই তাকেও এই বিয়েতে রাজি করানো হয়েছে।

অনেকক্ষণ ধরে নীরবে বসে সবকিছু দেখছিল নববধূ। একটা একটা করে জিনিস ভাঙছিল ইনান। আর প্রতিবারই মনে হচ্ছিল, ভাঙছে যেন চারপাশের আসবাব নয়—তার জীবনের অবশিষ্টটুকু। ভেতরে জমে থাকা ক্ষোভটা ক্রমশ অসহ্য হয়ে উঠল।

আর কত?শেষমেশ নিজেকে আর সামলাতে না পেরে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ঠিক তখনই ইনান শেষ ফুলদানিটা হাতে তুলে নিল। মেঝেতে আছড়ে ফেলার জন্য হাত উঠতেই তরুণী দ্রুত এগিয়ে এসে সেটি তার হাত থেকে কেড়ে নিল।

ঘটনাটা যেন ইনানের রাগে আরও আগুন ঢেলে দিল। রক্তাভ চোখে তার দিকে তাকাল ইনান। বড় করে ঘোমটা টানা। মুখের কিছুই দেখা যাচ্ছে না—শুধু ঠোঁট দুটো।

কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল ইনান। কেন থেমে গেল, নিজেও যেন বুঝতে পারল না।
আচমকাই তরুণীর হাত থেকে ফুলদানিটা নিচে পড়ে মেঝেতে আছড়ে অসংখ্য টুকরো হয়ে ছড়িয়ে গেল। তীক্ষ্ণ শব্দে ইনানের ঘোর কাটল। চোখ নামল মেঝের দিকে। ভাঙা টুকরোগুলোর পাশে দাঁড়িয়ে আছে নববধূ। হাতটা সামান্য কাঁপছে। কিন্তু কণ্ঠ যেন ইস্পাতের মতো অনড়।

—এটা বাকি থাকবে কেন? সবই তো ভেঙে ফেলছেন। তাই শেষেরটা আমি ভেঙে দিলাম। এইবার খুশি তো?

এমন কথায় ইনানের দুটো হাত শক্ত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। মেয়েটির কণ্ঠস্বরটা কানে আসতেই বুকের ভেতর কোথাও যেন অদৃশ্য একটা ঘণ্টা বেজে উঠল। কণ্ঠটা পরিচিত। ভীষণ পরিচিত। কোথায় শুনেছে?

মনে করার আগেই ঘোমটার আড়াল থেকে আবারও ভেসে এলো,

—কী এত ভাবছেন, নেতা সাহেব? থুরি, ডাক্তার সাহেব!

‘নেতা সাহেব’ শব্দটা কানে যেতেই ইনানের সমস্ত স্নায়ু মুহূর্তে সজাগ হয়ে উঠল। ‘ডাক্তার’—এটা জানাটা অস্বাভাবিক নয়। কিন্তু ‘নেতা’? শব্দটা যেন আচমকাই তার বুকের গোপন কোনো দরজায় আঘাত করল। যে পরিচয়টা সে সচেতনভাবেই আড়ালে রেখেছে, সেটাই এই মেয়ের ঠোঁট থেকে এত অনায়াসে বেরিয়ে এলো কী করে?

চোখ সরু হয়ে এল ইনানের।
কীভাবে জানল? কে বলেছে তাকে? নাকি—অসম্ভব!কয়েক সেকেন্ড ঘোমটায় ঢাকা মুখটির ওপর স্থির রইল তার দৃষ্টি।

—তুমি—

প্রশ্নটা সম্পূর্ণ হওয়ার আগেই মেয়েটি নির্বিকারভাবে বলে উঠল,

—ফ্রেশ হয়ে আসুন। নামাজ পড়বেন।

ইনান থেমে গেল। চোখ দুটি শিকারি দৃষ্টিতে স্থির রেখে কঠিন স্বরে বলল,

—বেশি বুঝো না, মেয়ে। আর কিসের নেতা সাহেব, হ্যাঁ?

ঘোমটার আড়ালে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটল।

—আমি বেশি বুঝতেই ভালোবাসি। আপনি তো এখন আমার জীবনের নেতা, তাই বললাম আরকি।

ইনানের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। এটা কি নিছক ব্যঙ্গ? নাকি সত্যিই—চিন্তাটা শেষ হওয়ার আগেই স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল মেয়েটি,

—তবে যেভাবে রিঅ্যাক্ট করলেন, তাতে মনে হচ্ছে সত্যিই কোনো দল-টল করেন।

এবার ইনানের আরও চোয়াল শক্ত হয়ে গেল।

—জাস্ট শাট আপ!

কণ্ঠের কর্কশতায় ঘরের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল।

—খবরদার! আমাকে বেশি ঘাঁটাবে না। আমি কিন্তু লোকটা সুবিধার না। চুপচাপ থাকবে। বাচ্চাটা পৃথিবীর আলো দেখলেই বিদেয় হয়ে যাবে। গট ইট?

সামান্যও ভয় পেল না মেয়েটি। বরং আগের মতোই নির্লিপ্ত স্বরে বলল,

—নামাজটা পড়ে নিন।

ইনান নির্বাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটি যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে আবার বলল,

—বাচ্চাসহ বউ পাচ্ছেন। শুকরিয়া আদায় করবেন না? নেতা... উফ্! ভুল বলে ফেললাম।ডাক্তার সাহেব তাই না?

ইনান রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল,

—আমার জানাজার নামাজ পড়ব, বিয়ের না।

কথাটা ছুড়ে দিয়েই আর এক সেকেন্ডও দাঁড়াল না সে। দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল।
তার চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল নববধূ। পরক্ষণেই ঘোমটার আড়ালে ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি।খেলা তো এবার জমবে নেতা সাহেব।

—————

আজ সন্ধ্যায়—ড্রয়িংরুমে থমথমে পরিবেশ। ইনানের কণ্ঠে তখনও তীব্র আপত্তির রেশ।

—বিধবা মেয়েকে বিয়ে করতে বলছেন? তাও কিনা আমার ছোট ভাইয়ের বউকে! ছিঃ, আম্মা! আপনি এসব কী বলছেন? এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়।

ক্ষোভ সামলে আবার বলল,

—এই কারণেই নিজের অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে বাড়িতে ডেকে এনেছেন, তাই না? কিন্তু বিয়ে করতেই হবে কেন? ও থাকুক আমাদের বাড়িতে। আর যদি এখানে থাকতে না চায়, নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিক। এতে সমস্যা কোথায়? ওর যাবতীয় দায়িত্ব আমি নেব। থাকা-খাওয়া, ভবিষ্যতের খরচ—সব। কিন্তু বিয়ের কথা আর বলবেন না, আম্মা। আমি পারব না।

ছেলের মুখ থেকে এমন নির্মম দৃঢ়তায় ভরা প্রত্যাখ্যান শুনে সায়রা বেগমের বুকটা যেন হাহাকার করে উঠল। এটাই তো ছিল তাঁর শেষ আশ্রয়। শেষ ভরসাটুকুও যদি আজ হাতছাড়া হয়ে যায়, তাহলে কীভাবে তিনি তাঁর ছেলেকে থামাবেন?

নীরবতা ভেঙে ধীরে ধীরে প্রশ্ন করলেন,

—তুমি কি আবার কাউকে পছন্দ করো, ইনান?

ইনানের ঠোঁটে তিক্ততার আভাস ফুটে উঠল।

—আপনি সেটা ভালো করেই জানেন, আম্মা। আমার জীবনে কোনো মেয়ের জন্য জায়গা নেই।

কথাটা শুনে সায়রা বেগম খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো না। ধীর স্বরে বললেন,

—শুধু থাকা-খাওয়াই কি সব? আমাদের উত্তরসূরি আসতে চলেছে, ইনান।

শব্দগুলো কানে যেতেই ইনান যেন একেবারে স্তব্ধ হয়ে গেল। তার ভাইয়ের সন্তান। নাঈমের শেষ স্মৃতি। তার ছোট ভাইয়ের রেখে যাওয়া একমাত্র উত্তরাধিকার।

নাঈম—ইনানের চেয়ে ছোট। বিয়ে করেছিল তার আগেই। বিয়ের তখন মাত্র আট মাস পেরিয়েছে। সাড়ে ছয় মাসের মাথায় এক গভীর রাতে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় সবকিছু থেমে যায়।
সদ্য বিবাহিত স্ত্রীকে একা রেখে নাঈম চলে যায় না-ফেরার দেশে। আর তার চলে যাওয়ার পর থেকেই মেয়েটি হয়ে ওঠে নবাব পরিবারের এক নীরব দায়িত্ব।

সায়রা বেগম এবার ছেলের আরও কাছে এগিয়ে এলেন। চোখের কোণে পানি জমেছে।

—আমাকে তোমার ভাইয়ের সন্তানটা ভিক্ষা দাও, ইনান। আমার ছোট ছেলের শেষ সম্বলটুকু আমি হারাতে চাই না। দয়া করো। মেয়েটিকে বিয়ে করে নাও। নইলে ওকেও আমরা হারিয়ে ফেলব।

ইনান নির্বাক।

সায়রা বেগম ধীরে ধীরে বলে চললেন,

—ওর বাবা-মা আজ এসেছিল মেয়েকে নিয়ে যেতে। আমরাও আপত্তি করিনি। কিন্তু বিকেলের দিকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে ও। ডাক্তার এসে পরীক্ষা করার পর জানতে পারি—ও দেড় মাসের অন্তঃসত্ত্বা। এরপর ওর বাবা-মা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তাদের মেয়েকে এভাবে আমাদের বাড়িতে ফেলে রাখবে না। যদি রাখতে হয়, তাহলে তাকে যথাযথ সম্মান দিয়েই রাখতে হবে। সেই কারণেই তোমাকে জরুরি তলব করেছি।

ইনানের মুখে আরও গাঢ় হয়ে উঠল বিরক্তি। নাঈমের কথা মনে পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক ভার নেমে এলো।নিজের জীবন থেকে সে বহু আগেই নিজেকে গুটিয়ে নিয়েছে। বাবা-মায়ের সঙ্গেও থাকে না। বছরে দু-তিনবার আসে, কিছুক্ষণ থেকে আবার নিজের জগতে ফিরে যায়।

নাঈমের বিয়ের দিনটাও তার ব্যতিক্রম ছিল না। শুধু বিয়েতে এসেছিল। ভাইয়ের বউকে একনজর দেখার প্রয়োজনটুকুও বোধ করেনি। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ফিরে গিয়েছিল নিজের শহরে।

আজ সেই না-দেখা মেয়েটিই তার সামনে স্ত্রী হিসেবে নতুন এক সম্পর্ক নিয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ইনানের বাবা শুরু থেকেই এই প্রস্তাবের বিপক্ষে ছিলেন। তিনি তাঁর ছেলেকে চেনেন। খুব ভালো করেই জানেন, ইনান সহজে কারও কাছে মাথা নত করে না। নিজের সিদ্ধান্ত থেকে তাকে সরানোও প্রায় অসম্ভব।আর এমন একটি বিয়ে? মেয়েটির জীবন গুছিয়ে দেওয়ার মতো মানসিক প্রস্তুতিও তাঁর ছেলের নেই—এটা তিনি জানতেন।

নীরবতা ভেঙে ইনান হঠাৎ প্রশ্ন করল,

—আমার সব কথা কি ওদের জানানো হয়েছে?

সায়রা বেগম মাথা নাড়লেন।

—হ্যাঁ। সব বলেছি।

ইনান আর কোনো প্রশ্ন করল না। কয়েক মুহূর্ত ভেবে নিয়ে দৃঢ় স্বরে বলে উঠল,

—কাজী আনুন। বিয়ে শেষ হলেই আমি সিলেটে ফিরে যাব।

সায়রা বেগমের মুখে স্বস্তির ঝিলিক ফুটে উঠল। ছেলে রাজি হয়েছে—এটাই তাঁর কাছে সবচেয়ে বড় কথা। কিন্তু পরক্ষণেই সিলেটে ফিরে যাওয়ার কথা শুনে সেই আনন্দ ম্লান হয়ে গেল।

—কিন্তু...

ইনান সঙ্গে সঙ্গে থামিয়ে দিল,

—কোনো কিন্তু নয়। আর কিছু বললে আমি বিয়ে ছাড়াই চলে যেতে বাধ্য হব।

দৃঢ়তায় কোনো ফাঁক ছিল না। সায়রা বেগম আর কথা বাড়ালেন না। মনে মনে ভেবে নিলেন, সময়ের সঙ্গে হয়তো ছেলের এই অনিচ্ছাও বদলে যাবে।

ইনান রাজি হয়েছে কেবল তার ভাইয়ের অনাগত সন্তানের জন্য। নইলে এই জীবনে বিয়ে করার কোনো আকাঙ্ক্ষাই তার ছিল না। সংসার পাতার বাসনা বহু আগেই নিজের ভেতর থেকে নির্বাসিত করেছে সে। জীবনের যে অধ্যায়ে মানুষ স্বপ্ন দেখে, ঘর বাঁধার কথা ভাবে—সেই অধ্যায়টুকু অনেক আগেই মাটিচাপা দিয়েছে।

রাত একটা নাগাদ তাদের বিয়ে সম্পন্ন হলো।

কোনো জাঁকজমক নয়, ছিল না উৎসবের আবহও। নীরব, ঘরোয়া পরিবেশে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হতেই সায়রা বেগম দুজনকে একই ঘরে রেখে বেরিয়ে গেলেন। হেঁটে যেতে যেতে তাঁর চোখে-মুখে একধরনের সূক্ষ্ম হাসি ফুটে উঠল। সে তো এটাই চেয়েছিল।

—————

হুট করেই ঘরে ফিরে এল ইনান। সময় নষ্ট করার মতো অবকাশ তার হাতে নেই। ভোরের ফ্লাইট ধরতে হবে তার। তাই ঘরে ঢুকেই ব্যাগ দুটো গুছিয়ে নিতে শুরু করল সে। পোশাক, প্রয়োজনীয় কাগজপত্র—এক এক করে সবকিছু দ্রুত, নিখুঁত হাতে ব্যাগে তুলে নিচ্ছে।

এদিকে নববধূ ততক্ষণে বিছানায় শুয়ে পড়েছে। কখন যে চোখের পাতায় ঘুমের ভার নেমে এসেছে, সে নিজেও বুঝতে পারেনি। শরীরটা কম্বলের নিচে গুটিয়ে আছে। মাথায় এখনও সেই ঘোমটা। তার আড়ালে মুখটাও প্রায় সম্পূর্ণ ঢাকা। পিঠ ফিরিয়ে শুয়ে আছে।

ব্যাগ গোছানো শেষ করে ইনান একবার তার দিকে তাকাল।এক পা এগিয়েও থেমে গেল। ডাকার প্রয়োজন আছে—কিন্তু কীভাবে ডাকবে?

‘এই যে’ বলবে? নাকি নাম ধরে ডাকবে? নামটাই বা সে জানে কতটা?

বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে উঠল। শেষ পর্যন্ত সামনে না গিয়ে ঘরের একপাশে পড়ে থাকা স্টিলের ঝুড়িটার দিকে চোখ গেল। ঝুড়িটা বেশ কিছুক্ষণ ধরেই পায়ের কাছে উল্টে পড়ে ছিল।
পা বাড়িয়ে সেটায় সজোরে লাথি মারল ইনান। স্টিলের ঝুড়িটা ছিটকে গিয়ে সোজা টেবিলের পায়ায় আঘাত করল। তখনই ঘরের নিস্তব্ধতা চিরে বিকট শব্দ ছড়িয়ে পড়ল।

আকস্মিক শব্দে নববধূ ধড়মড় করে উঠে বসল।
চোখ দুটো তখনও ঘুমে ভারী। কয়েক সেকেন্ডের জন্য যেন কিছুই বুঝে উঠতে পারল না। তারপর ইনানকে চোখে পড়তেই তৎক্ষণাৎ হাত বাড়িয়ে ঘোমটাটা আরও টেনে নিল। মুখটা এবার পুরোপুরি আড়াল হয়ে গেল। শুধু ঘোমটার নিচ থেকে জেগে উঠল সতর্ক দৃষ্টি।

ইনান অবশ্য এসব নিয়ে মাথা ঘামানোর মানুষ নয়। নিজের মুখ দেখার যেমন কোনো আগ্রহ তার নেই, তেমনি এই মেয়েটির মুখ দেখার প্রতিও বিন্দুমাত্র কৌতূহল অনুভব করছে না। এই বিয়ে তার কাছে কোনো সম্পর্ক নয়—শুধু একটি দায়িত্ব, যেটা যত দ্রুত সম্ভব পেছনে ফেলে যেতে চায় সে।

ঘোমটার আড়াল থেকে আড়চোখে একবার তাকাল নববধূ। ইনানের পাশে রাখা বিশাল লাগেজটা চোখে পড়তেই বুঝে গেল—লোকটা সত্যিই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

মৃদু স্বরে প্রশ্ন করল,

—চলে যাচ্ছেন?

ইনান ব্যাগের চেইন টেনে বন্ধ করতে করতে নির্বিকারভাবে জবাব দিল,

—তো কী? তোমার সঙ্গে বাসর করার জন্য থেকে যাব, বোন?

সঙ্গে সঙ্গেই ভ্রু কুঁচকে গেল তার।

—বাসর করার কথা বলেছেন? 
আবার ‘বোন’ও বলছেন! আজব লোক তো!

ইনান একবার তার দিকে তাকাল। চোখেমুখে বিন্দুমাত্র ভাবান্তর নেই।

—আমি আজবই।

পকেট থেকে একটি কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দিল।

—এটা রাখ।

—এটা দিয়ে কী করব?

কার্ডটা হাতেই রেখে উত্তর দিল ইনান।
—দ্যাটস নান অব মাই বিজনেস, ম্যাডাম। এখন সবার চোখে তুমি আমার সো-কোল্ড ওয়াইফ। তোমার ভরণপোষণের দায়িত্বও আমার ওপরই পড়বে। যা প্রয়োজন, কার্ডটা ব্যবহার করে নেবে। যতটা দরকার, ততটাই।

তার কথায় দায়িত্ববোধের চেয়ে বিরক্তিই বেশি।

—আমি এখানে থাকছি না। তাই এসব নিয়ে আমাকে বিরক্ত করারও প্রয়োজন নেই। তোমাকে একটা পরিচয় দেওয়ার জন্যই এই বিয়ে। এখন তোমার নামের সঙ্গে আমার নাম জড়িয়ে গেছে। ব্যস, এর বেশি কিছু নয়।

শেষ কথাটা ছুড়ে দিয়ে ব্যাগটা হাতে তুলে নিল ইনান। তারপর তাচ্ছিল্যের সুরে বলল,

—নাউ, গো টু হেল।

ইনানের এমন কথাও বিন্দুমাত্র বিচলিত করল না মেয়েটিকে। বরং কার্ডটার দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দিল,

—উইথ ইউ? সো, আই হ্যাভ নো প্রবলেম।

ইনানের পা থেমে গেল। মুখ ঘুরিয়ে তাকাল সে। চোখের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে উঠেছে।
মেয়েটির ঠোঁটের কোণে তখনও সেই নির্ভীক হাসি। ইনানের চোখে হাসিটা স্পষ্ট ধরা পড়ল। সে যেন এক পা এগিয়ে আসতে উদ্যত হলো।
কিন্তু ঠিক তখনই হাতঘড়ির দিকে চোখ পড়তেই বুঝল—আর এক মুহূর্তও নষ্ট করার সুযোগ নেই। ফ্লাইটের সময় ঘনিয়ে এসেছে।

কার্ডটা তার হাতের ওপর ছুড়ে দিল।সেটি পড়ল ফ্লোরে আর বলো,

—কিপ ইট।

আর একবারও পেছনে ফিরে তাকাল না। বাড়ির কাউকে কিছু না জানিয়েই দরজা পেরিয়ে বেরিয়ে গেল ইনান।ঘরটা আবার নিস্তব্ধ।নববধূ নিচে পড়ে থাকা কার্ডটা তুলে নিল। আঙুলের ফাঁকে সেটাকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে লাগল। চোখে কৌতূহল, ঠোঁটে সেই একই রহস্যময় হাসি।

একেবারে আপনমনে ফিসফিস করে উঠল,

—সি ইউ সুন, নেতা সাহেব।

চোখে দুষ্টুমি খেলে গেল। আবার সঙ্গে সঙ্গে বলে উঠল,

—উপস্, ভুল বলে ফেলেছি! ডাক্তার সাহেব।

—————

অন্ধকার গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি ছায়া। দ্রুত পায়ে ছুটছে সে। দেখে মনে হচ্ছে, একটু দেরি হলেই যেন গুরুত্বপূর্ণ কিছু মিস হয়ে যাবে।
গাড়ির কাছে পৌঁছাতেই গাড়ির ভেতর থেকে একজন মানুষ বেরিয়ে এলো। যেন এতক্ষণ ধরেই তার জন্য অপেক্ষা করছিল। মানুষটি এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল। ছায়ামূর্তিটির দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল,

—বেস্ট অফ লাক।

ছায়ামূর্তিটি কোনো জবাব দিল না। একবার শুধু মানুষটির দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত এক দৃঢ়তা।গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল সে। ইঞ্জিনের গর্জন রাতের নিস্তব্ধতা চিরে উঠল। গাড়িটা অন্ধকার রাস্তা ধরে দ্রুত ছুটে গেল।
পেছনে ফেলে যাওয়া মানুষটি বাকা দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়িটির চলে যাওয়ার দিকে।

—————

সিলেটগামী একটি প্লেনের একদম সামনের সারির জানালার পাশে বসে আছে একটি মেয়ে। ম্যাগাজিন পড়ছে। কালো বোরকায় তার শরীর ঢাকা, মুখও আড়াল করা।

ইনান তার সিট নম্বর অনুযায়ী সেখানে গিয়ে দেখল, সেটাই তার সিট। বিরক্ত হয়ে বলল,

—এই যে, মিস উঠুন। আপনি আমার সিটে বসেছেন কেন?

মুখের ওপর থেকে ম্যাগাজিন না সরিয়েই মেয়েটি উত্তর দিল,

—আমি মিস, নাকি মিসেস—আপনি সেটা জানেন?

—পটরপটর কথা তো ভালোই বলতে পারেন। আর চোখ কোথায় থাকে, হ্যাঁ? আরেকজনের সিটে বসেছেন, সেটা দেখেন না?চোখ কি তিজে লাগিয়ে ঘুরেন নাকি! 

—না, দেখি না। 

—কেন?

—মনে রং লাগছে তাই।

-- একদম তিজ বরাবর মারব একটা, মনের রং সব ছুটাবো।
·
·
·
চলবে……………………………………………………

একটি মন্তব্য পোস্ট করুন

WhatsApp